বেলাল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে ঢাকায় তলব, রিমান্ডে মুখ খোলেনি ধীরা
খুলনায় সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যার অভিযুক্ত মূল পরিকল্পনাকারী শাহাবুদ্দিন লস্কর ধীরা দুই দিনের রিমান্ডের প্রথম দিন রোববার কোনও গুরুত্বপূর্ণ তথ্য দেয়নি।
অন্যদিকে, মামলার অগ্রগতি পর্যালোচনা করতে তদন্তকারী কর্মকর্তা খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেনকে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের দপ্তরে ডেকে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রোববারের জিজ্ঞাসাবাদে শিবির ক্যাডার ধীরা তেমন কোনও তথ্য দেয়নি। সোমবার তার দুদিনের রিমান্ড শেষ হয়েছে। তারিকুল ইসলাম শিপলু হত্যা মামলায় ধীরাকে রিমান্ডে নেওয়া হয়।
বেলাল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মঙ্গলবার ঢাকায় সিআইডি’র ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বুধবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উপস্থিতিতে মনিটরিং সেলের বৈঠকে মামলার অগ্রগতি নিয়ে পর্যালোচনা হবে।
এদিকে, সোমবার খুলনা মহানগর ইসলামী ছাত্র শিবির সাংবাদিক বেলাল হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।
