বিদিশার জামিন মঞ্জুর-নামঞ্জুর প্রশ্নে বিচারক অনড়, আদালতে হৈচৈ
বিদিশার পক্ষে নতুন করে জামিনের আবেদন করা হলে বুধবার বিচারক জামিনের আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করে ১৮ জুন পুনরায় শুনানীর দিন ধার্য করতে অনড় থাকেন।
জামিনের বিষয়ে কোনও সিদ্ধান্ত না দিয়ে পুনরায় শুনানীর দিন ঠিক রেখে এ মামলার শুনানী শেষ হওয়ার আগে ম্যাজিস্ট্রেট খান মো. রেজাউন নবী অন্য মামলার শুনানী গ্রহণ শুরু করলে আদালতে হৈচৈ শুরু হয়। এক পর্যায়ে বিচারক পুলিশ পাহারায় দ্রুত এজলাস ত্যাগ করেন।
বুধবার বেলা ১২টায় বিদিশার আইনজীবী জহিরুল ইসলাম ম্যাজিস্ট্রেটের আদেশ প্রার্থনা করে বলেন, এই মামলার কথিত বাদি এইচ এম এরশাদ দেশে ফিরে সাংবাদিকদের বলেছেন, তিনি বিদিশার বিরুদ্ধে ব্যাভিচার বা বিয়ে সংক্রান্ত কোনও মামলা করেননি।
আইনজীবী ম্যাজিস্ট্রেটের উদ্দেশে বলেন, একজন বিচার প্রার্থীর জীবন নিয়ে ছিনিমিনি করার কোনও অধিকার আপনার নেই। প্রিজন সেলে বিদিশা মরণাপন্ন। জামিন যোগ্য মামলায় জামিন নামঞ্জুরের আইন আপনি দেখাতে পারবেন না।
এ বক্তব্যের পরও ম্যাজিস্ট্রেট নির্বিকার থেকে আদেশ লেখা শুরু করলে আইনজীবীগণ বলেন, আপনি যদি মনে করেন আগের ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন করবেন না, তাহলে বার ও বেঞ্চের সম্পর্ক নষ্ট হবে। তাছাড়া আপনি অভিযুক্তকে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ দিচ্ছেন না।
বিদিশার আইনজীবী বিচারককে উদ্দেশ্য করে আরও বলেন, এরকম অবিচারকসুলভ আচরণ করলে আপনার বিরুদ্ধে দণ্ডবিধির ২১৯ ধারায় মামলা করা যাবে।
ঢাকা জেলার (খ অঞ্চলের) প্রথম শ্রেণীর আমলী আদালতের ম্যাজিস্ট্রেট মফিদুর রহমান মঙ্গলবার এ মামলার জামিন আবেদনের ওপর একই আদেশ দিয়েছিলেন।
