২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নলকূপের পানি সংশোধনে ক্লোরিনের ব্যবহার কার্যকরী নয়: আইসিডিডিআরবি

আইসিডিডিআরবি’র এক সুপারিশে ভবিষ্যতে বন্যা পরবর্তী সময়ে নলকূপের পানি সংশোধনের পদ্ধতি হিসেবে ক্লোরিন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 05:59 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

আইসিডিডিআরবি’র ওই গবেষণায় দেখা গেছে, প্লাবিত এলাকার নলকূপগুলোতে বন্যার তিন থেকে ছয় সপ্তাহ পর পানি শোধনের জন্য যে ক্লোরিন ব্যবহার করা হয় তাতে পানিতে ব্যাকটেরিয়ার পরিমাণ গ্রহণযোগ্য মাত্রায় আসে না। তাই জনস্বাস্থ্যের উন্নয়নে এটি প্রত্যাশিত নয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বন্যা কবলিত এলাকায় এ গবেষণা চালানো হয়। ২০০৪ সালের জুলাই ও আগস্ট মাসে বন্যা কবলিত এলাকার নলকূপগুলোর পানি শোধনের জন্য জনস্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে ইউনিসেফ বন্যায় ডুবে যাওয়া নলকূপগুলোতে ক্লোরিন প্রয়োগ করে।

ক্লোরিন শক ট্রিটমেন্টের মাধ্যমে প্লাবিত নলকূপ শোধনের কার্যকারিতা ৮০ শতাংশ কিনা তা যাচাই করতে গিয়ে বাংলাদেশের মতলবে গবেষণাটি পরিচালনা করা হয়।

গবেষণার পর দেখা যায়, ক্লোরিন প্রয়োগের কোনও কার্যকারিতা পাওয়া যায়নি। প্লাবিত অঞ্চলে ক্লোরিন ট্রিটমেন্টের আগে ৭৭ শতাংশ নলকূপ দূষিত হয় আর ৭৭ শতাংশ নলকূপ দূষিত হয় ক্লোরিন ট্রিটমেন্টের পরে।