জামালপুরে এনজিও‘র ঋণে নিঃস্ব কয়েক হাজার পরিবার
জেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার পরিবার এনজিও‘র ঋণের জালে জড়িয়ে এখন মহাসংকটে দিন কাটাচ্ছে। এনজিও‘র কিস্তি পরিশোধের চাপে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। একটি সংস্থার ঋণ পরিশোধ করতে গিয়ে তারা অন্য সংস্থার ঋণের জালে আবদ্ধ হচ্ছে।
সূত্র জানায়, কিস্তির টাকা পরিশোধ করতে গিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছে। কেউ কেউ জড়িয়ে পড়ছে অপরাধমুলক কর্মকান্ডের সাথে। কৃষি কাজের সঙ্গে যারা জড়িত রয়েছে তারা এনজিওগুলোর বেড়াজালে জড়িয়ে পড়ার কারণে কৃষি ক্ষেত্রেও বহুবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে।
এনজিওগুলোর ঋণের প্রভাবে মহাজনী ব্যবস্থা আবারও জমজমাট হয়ে উঠেছে। মহাজনী সুদের হার সবচেয়ে চড়া। মহাজনী ঋণের সুুদ প্রতি মাসে শতকরা ১০ থেকে ২০ টাকা অথবা কোনও কোনও ক্ষেত্রে ফসলের অর্ধেকও দিতে হয় মহাজনদের। আর এই সুযোগে এনজিও কর্মীরা সহজ শর্তে ঋণ প্রদানের আশ্বাস দিয়ে গ্রামের দরিদ্র পরিবারের মহিলাদের আকৃষ্ট করে। কিন্তু এদের ঋণের সুদের হার ব্যাংক ঋণের সুদের চেয়ে প্রায় ৪ গুন বেশি।
তাই দারিদ্র দূরীকরণের উদ্দেশ্যে গ্রামগঞ্জে বিভিন্ন এনজিওগুলোর শত শত সমিতি গড়ে উঠলেও ফলাফল উল্টো দেখা যায়। প্রাথমিক পর্যায়ে এনজিও সমিতির অধিকাংশ সদস্যই ঋণের সুদের হারের পরিমান সম্পর্কে অবগত থাকে না। এনজিওগুলো তাদের লিখিত নিয়ম অনুযায়ী উৎপাদন বা আয় থেকে কিস্তির টাকা আদায় করার কথা বললেও ঋণ প্রদানের পরের সপ্তাহ থেকে কিস্তি নেয়া শুরু করে। এনজিওগুলোতে এক মাসের যে টাকা ফেরত দেয়া হয় তা পুরো এক বছরের সুদের টাকার পরিমান।
ফলে উৎপাদন বা আয় থেকে ঋণের টাকা পরিশোধ করা কারও পক্ষেই সম্ভব হয় না। কিস্তির টাকা পরিশোধ করতে না পারলে এনজিও কর্মকর্তা ও মাঠ কর্মীরা দল বেঁধে এসে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে নেয়। ফলে এনজিও‘র ঋণের টাকা পরিশোধ করতে অধিকাংশ সদস্যকেই ঘরবাড়ি বিক্রি করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ঋণের টাকা আদায় করতে এনজিও কর্মীরা ঘর ভেঙ্গে নিয়ে যায়।
অপরদিকে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ বিতরণে ব্যাপক প্রচার-প্রচারণা থাকলেও কৃষকদের একটি বড় অংশ এই ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
