২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর-বিএসএফ বৈঠক: ভারতে অবস্থানকারী বাংলাদেশ বিরোধী সন্ত্রাসীদের তালিকা হস্তান্তর

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সীমান্ত বিষয়ক বিবাদমান বিতর্ক নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের প্রথম দিনে বুধবার দুই দেশের নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলো প্রাধান্য পায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

উভয় পক্ষ সীমান্ত এলাকার ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উদ্ভূত যে কোন ধরণের পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য ঐক্যমতে পৌঁছায়।

বিডিআর সদর দপ্তরে সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকে ২২ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ।

বিএসএফ মহাপরিচালক শ্রী আর এস মোসাভারি ভারতের ১৬ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দিচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চার দিনব্যাপী বৈঠকের প্রথম দিনই বিডিআর প্রতিনিধিদল ভারতে অবস্থানকারী ৪৪৪ বাংলাদেশী সন্ত্রাসীর তালিকা বিএএসএফ প্রতিনিধিদলের কাছে হস্তান্তর  করে।

বৈঠকে ভারতে বাংলাদেশ বিরোধী ৯০টি সশস্ত্র ক্যাম্প, স্বাধীন বঙ্গভূমি আন্দোলনসহ ২২টি সশস্ত্র সংগঠনের কার্যকলাপ, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের তালিকাও হস্তান্তর করেছে বাংলাদেশ।

বিডিআর সূত্র জানায়, তালিকায় ২১ জন মাদক ও ১০ জন অস্ত্র ব্যবসায়ীর নাম এবং ভারতের অভ্যন্তরে ২০টি গোপন ফেন্সিডিল কারখানার জায়গার উল্লেখ রয়েছে।

এছাড়া, বিডিআর এর একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, ৩০ জন দূর্ধর্ষ পাহাড়ী সন্ত্রাসী যারা ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী সশস্ত্র তৎপরতা চালিয়ে যাচ্ছে, তাদের তালিকাও আমরা বিএসএফ প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করেছি।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বিডিনিউজকে আরো জানান, বৈঠকে বিএসফের দ্বারা প্রতিনিয়ত বাংলাদেশীদের উপর হত্যা ও জখম করার ইস্যুগুলোর উপর জোর দেয়া হয়।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগন, বিভিন্ন সীমান্তের আইজিপি এবং বিএসএফ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তারাও এতে যোগদান করেন।

অপরদিকে বিডিআরের কর্মকর্তাগণ ছাড়াও বাংলাদেশ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বিশেষজ্ঞগণ বৈঠকে অংশগ্রহন করেন।

বিকেলে সফররত বিএসএফ প্রতিনিধিদল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে তার কার্যালয়ে দেখা করেন।

দুই দিন বিরতির পর আগামী শনিবার দুই পক্ষের সমাপনী বৈঠক বিডিআর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।