কিবরিয়া হত্যাকান্ড, তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছে
হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচ জন নিহত হওয়ার ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটি গত সোমবার রিপোর্ট জমা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক বুধবার এ তথ্য জানান।
সূত্র জানায়, কমিটি আগামী ২৭ মার্চ মামলার চার্জশিটও প্রদান করবে। স্বরাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, সরকার রিপোর্টটির খুটিনাটি পর্যালোচনা করছে। এ ব্যাপারে কোন বিস্তারিত মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন।
গত জানুয়ারীর ২৭ তারিখ নৃশংস গ্রেনেড হামলায় সিনিয়র আওয়ামী লীগ নেতা শাহ কিবরিয়া নিহত হওয়ার পর সরকার পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। কমিটির প্রধান করা হয় সিলেট রেঞ্জের ডিআইজি একেএম মাহফুজুল হককে। কমিটির অপর সদস্যরা হলেন- র্যাব-৩ এর মেজর মইনুল হোসেন, ডিজিএফআই এর মেজর মামুন , এনএসআই’র আফজাল তারেক এবং সিআইডির একজন বিশেষ এসপি।
ঘটনার পরদিনই হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুল মজিদ দুটি পৃথক মামলা দায়ের করেন।
পুলিশ এবং র্যাব সদস্যরা এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি একেএম আবদুল কাইয়ুমকে তার রাজধানীর এ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার করা হয় আরও ১৫ জনকে। এদের মধ্যে বেশিরভাগই বিএনপির রাজনীতির সাথে জড়িত।
গ্রেপ্তারকৃত অন্যরা হলো - শাহ আলম, জমির আলী, আবদুল ওয়াহাব সোহেল, জয়নাল আবেদীন জালাল, তাজুল ইসলাম, আবদুর রশিদ, তালুকদার ইকবাল, শাহেদ আলী, আয়াত আলী, সেলিম আহমেদ, ওসমান গণি, তাজুল ইসলাম (২), জয়নাল ওরফে মমিন, কাজল মিয়া, জাহেদুর রহমান এবং নজরুল ইসলাম।
এদের মধ্যে আটজন বিএনপি নেতাকর্মীকে মূল মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে কমিটি।
বৈদ্যের বাজারের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জিয়া স্মৃতি ও গবেষণা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহেদ আলী, সদর উপজেলার লষ্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জমির আলী, ছাত্রদল নেতা তাজুল ইসলাম ও বিএনপি নেতা জয়নাল ওরফে মোমিন প্রথম শ্রেণীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তদন্ত কমিটি এ পর্যন্ত বৈদ্যের বাজার ট্রাজেডি ঘটনায় ১৩০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।
জানুয়ারী মাসের ২৭ তারিখ বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় নৃশংস গ্রেনেড হামলায় কিবরিয়াসহ অপর পাঁচ জন আওয়ামী লীগ নেতা-কর্মী নিহত হয় এবং আহত হয় ৫০ জনেরও বেশি লোক।
