২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাব্লিউটিও সম্মেলন: স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে বিশেষ ভূমিকা রাখবে বাংলাদেশ

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ৬ষ্ঠ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে বিশেষ ভূমিকা রাখবে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 02:57 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বৈঠকে যোগ দিতে বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার রাতে হংকং যাচ্ছে। সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর সমন্বয়কারী থাকবে জাম্বিয়া। তবে পঞ্চম সম্মেলনের সমন্বয়কারী হিসেবে বাংলাদেশ হংকং বৈঠকে বিশেষ ভূমিকা রাখবে।

এ উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন চৌধুরী বলেন, বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে ১৩ দফা দাবি তুলে ধরা হবে।

এর মধ্যে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে স্বল্পোন্নত দেশের পণ্য সামগ্রীর শুল্কম্ক্তু প্রবেশাধিকার ও শ্রমের অবাধ যাতায়াত নিশ্চিত, স্বল্পোন্নত দেশের ঋণ মওকুফ, পণ্যের বিপরীতে এন্টি--ডামপিং বন্ধ, কৃষি পণ্যের আমদানি ও রপ্তানিতে ভর্তুকি না কমানো ও সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা প্রদানের দাবি থাকবে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এবারের বৈঠকে কৃষি পণ্যের আমদানি ও রপ্তানির ওপর ভর্তুকি প্রত্যাহার বা  হ্রাসের ব্যাপারে জোর দেওয়া হবে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সাথে জাপানের মতো উন্নত বিশ্বের দেশগুলোর মতবিরোধ থাকলেও সিদ্ধান্ত হতে পারে। ভর্তুকি প্রত্যাহার করা হলে স্বল্পোন্নত দেশগুলোর ক্ষতিপূরণের ব্যাপারে বাংলাদেশ বলীষ্ঠ ভূমিকা রাখবে।

সূত্র জানায়, উন্নত দেশে স্বল্পোন্নত দেশগুলোর পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিষয়ে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে তারা একটি পণ্যের ব্যাপারে আপত্তি দিয়েছে। বাংলাদেশ ও জাম্বিয়া চায় সকল পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাণিজ্য সচিব জাফর আহমেদ সিদ্দিকী, ডাব্লিউটিও সেল--এর মহাপরিচালক নাসিরউদ্দিন আহমেদ ও জেনেভায় বাংলাদেশের দূত তৌফিক এলাহীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তারাও এতে যোগ দিচ্ছেন।

এছাড়াও ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, ডিসিসিআই, বিটিএমএ, বিজিএমইএ, বিকেএমইএ ও বাংলাদেশ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন এবং সিপিডিসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারাও প্রতিনিধি দলে থাকছেন।

আগামী ১৩ থেকে ১৮ ডিসেম্বর হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪৮টি দেশের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।