২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ইসলামী জঙ্গি গোষ্ঠী পাহাড়ে ঘাঁটি গড়েছে: সেমিনারে অভিযোগ

শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়াতে ইসলামী জঙ্গী গোষ্ঠি পার্বত্য চট্টগ্রামে ঘাঁটি গড়ে তুলতে পেরেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

শান্তি চুক্তি স্বারের  ৮ম বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম নগরীর মুসলিম হলে আয়োজিত ‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলন জোরদার করুন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এই অভিযোগ করেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় ও সেনা শাসনের সুযোগে তিন পার্বত্য জেলায় উগ্র সাম্প্রদায়িকতা বিস্তারের পাশপাশি জঙ্গিদের ঘাঁটি গড়ে তোলার সুয়োগ করে দেয়া হচ্ছে।

নাই্যক্ষাংছড়ির অস্ত্র ভান্ডারের হোতা মায়ানমারের মৌলবাদী গোষ্ঠী দেশের জঙ্গি তৎপরতার সাথে জড়িত উল্লেখ করে বক্তারা আরো বলেন, শান্তি চুক্তি বাস্তবায়িত হলে ইসলামী জঙ্গিরা পার্বত্য চট্টগ্রাম থেকে বিতাড়িত হতে বাধ্য হবে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে ।

তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিশ্ব দরবারে সমাদৃত হয়েছে। কিন্তু এই সরকার শান্তি চুক্তি বাস্তবায়ন করতে গড়িমসি করছে।

এই সরকার চুক্তি বাস্তবায়ন করবেনা উল্লেখ করে তিনি আরো বলেন, পাহাড়ি জনগণ নিপীড়িত, নিগৃহীত হয়েই আজ এখানে সমাবেশ করছে। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে চুক্তি পুরোপুরি বাস্তবায়ন করবে।

সমীরণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমরেড শাহ আলম, সুধাসিন্ধু খীসা, অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, সাংবাদিক ও কবি ওমর কায়সার প্রমুখ।

আলোচনা সভায় পার্বত্য জনসংহতি সমিতির পক্ষ থেকে ৬ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, চুক্তির যথাযথ বাস্তবায়ন, ভোটার তালিকা ও নির্বাচন বিধিমালা প্রনয়ন করে অবিলম্বে আঞ্চলিক পরিষদের নির্বাচন অনুষ্ঠান এবং সেনা শাসন প্রত্যাহার।