২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাইয়ের ক্যাডার ২ সহোদরসহ ৫ জেএমবি সদস্য গ্রেফতার, খুলনায় শহীদুল্লাহ’র ১০ দিনের রিমান্ড

দেশজুড়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণে জড়িত সন্দেহে পুলিশ জেএমবি অপারেশন কমান্ডার সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের ক্যাডার দুই সহোদরসহ বাগেরহাট ও রাজশাহীতে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে। এদিকে খুলনায় গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য শহীদুল্লাহকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 10:08 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট পুলিশ পৃথক অভিযান চালিয়ে খুলনা ও বাগেরহাট থেকে রোববার রাতে জেএমবি অপারেশন কমান্ডার সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের ক্যাডার দুই সহোদরসহ চার জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে।

তাদের বাগেরহাট থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃতরা হচ্ছে, বাগেরহাটের মোল্লাহাটের বড় গাওলা গ্রামের হেকমত মোল্লার দুই পুত্র জসিম মোল্লা (২৩) এবং কালিম মোল্লা (৩২)। একই উপজেলার উত্তরকান্দি গ্রামের ওবায়েদ উল্লাহ (২৭) এবং গারফা গ্রামের জিল্লুর রহমান (২৭)।

বাগেরহাটের পুলিশ সুপার এম.মোস্তফা কামাল জানান, ওই দুই ভাইকে খুলনা শহরের দৌলতপুর এলাকার আল খালিদ ছাত্রাবাস এবং অপর দু’জনকে মোল্লাহাটের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে পুলিশ জানায়, ২৯ সেপ্টেম্বর মোল্লাহাট থেকে ধৃত রাজপাট আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান (৪০)কে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। একই সাথে আটককৃত শেখ ইরান মাওলা (২৫)কে এখনও জিজ্ঞাসাবাদ চলছে। জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে ইরান প্রায় তিন বছর আগে একবার গ্রেপ্তার হয়েছিলো।

জানা গেছে, ২০০২ সালের ১৭ সেপ্টেম্বর রাতে মোল্লাহাটের গাওলা গ্রামে আওয়ামী লীগ নেতা তারাপদ পোদ্দারের বাড়িতে হামলা চালাতে এসে বাংলা ভাই হেকমত মোল্লার বাড়ি থেকে সহযোগীসহ গ্রেফতার হয়। এসময় হেকমত মোল্লা ও তার আরেক পুত্র আব্দুল মতিন মোল্লাকে গ্রেফতার করে।

জেএমবি’র সাথে এই পরিবারটির সংশ্লিষ্টতার কারণে ১৭ আগস্টের বোমা হামলার পর থেকে পুলিশ হেকমত মোল্লার পরিবারের ওপর কড়া নজর রাখছে। পুলিশ জানায়, হেকমত মোল্লা বর্তমানে গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি মসজিদে কর্মরত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি জানান, সারা দেশে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় জড়িত সন্দেহে সোমবার জেলার বোয়ালিয়া থানা পুলিশ মিনারুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে সে নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য বলে পরিচয় দিয়েছে। তার বাড়ি চারঘাট উপজেলার গোপালপুর গ্রামে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

খুলনা প্রতিনিধি জানান, খুলনায় ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত জেএমবি নেতা শহীদুল্লাহ ওরফে লোকমানকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

খুলনা মহানগর হাকিমের আদালতে পুলিশ সোমবার ১০ দিনের রিমান্ড প্রার্থনা করলে মহানগর হাকিম আতিকুল হক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অপর একটি মামলায় বটিয়াঘটা থানা পুলিশ তাকে আরো পাঁচদিনের রিমান্ডে নেয়।

পুলিশ জানায়, ঢাকার বাসাবো থেকে গ্রেপ্তারকৃত জঙ্গি নেতা শহীদুল্লাহকে সোমবার কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

এছাড়া শুক্রবার রাতে শহীদুল্লাহকে ঢাকা থেকে খুলনায় আনার সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

চট্টগ্রাম প্রতিনিধি জানান, ১৭ আগস্টের বোমা হামলার দুই আটককৃত আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের জন্যে আদালতে হাজির করার পরপরই বোমা হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আদালত ভবনে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেড আকরাম হোসেনের এজলাসে আরশাদ হোসেন ও আবদুস সাত্তার মোল্লা নামে ওই দুই জঙ্গিকে হাজির করার মাত্র ১০ মিনিটের মধ্যে দুপুর ১২টা ১৫ মিনিটে আদালতের সামনে প্রথম বোমাটি বিষ্ফোরিত হয়।