খিলগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনার পর আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা হলে তার স্বামী সজীবকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার রাত ১১টার দিকে মিতু আক্তার (১৭) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তার স্বামী সজীব পেশায় অটোরিকশা চালক।
মৃতের পরিবারের বরাত দিয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক সোনিয়া পারভিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার রাতে মিতু ও সজীবের ঝগড়াঝাটির একপর্যায়ে মিতু রুমে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে ডাকাডাকি করেও দরজা না খোলায় আশপাশের লোকজনের সহযোগিতায় দরজার ছিটকানি কেটে ভেতরে লোহার এঙ্গেলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়।"
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
রাতেই মিতুর বাবা মনির হোসেন খিলগাঁও থানায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে মামলা করেন। এরপর রাত ২টার দিকে মৃতের স্বামী সজীবকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত মিতু নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পুরুষোত্তমপুর গ্রামের মনির হোসেন ও হোসনে আরা বেগমের মেয়ে।
মিতুর চাচা আনোয়ার হোসেনের বরাত দিয়ে উপপরিদর্শক সোনিয়া জানান, বছর দুয়েক আগে মিতু অটোরিকশা চালক সজীবের সঙ্গে পালিয়ে বিয়ে করেন। ১০ মাস আগে বিষয়টি জানাজানি হলে মিতুকে বাড়ি থেকে বের করে দেয় মা-বাবা। এরপর মিতুকে মেরাদিয়ার সেই ভাড়া বাসায় নিয়ে আসেন সজীব। তারা সেখানেই থাকতেন।
সেই থেকে পরিবারের সঙ্গে মিতুর কোনো যোগাযোগ ছিল না বলে তিনি জানান।
