গ্রাফিক নভেল ‘মুজিব’ অসাধারণ দলিল: জাফর ইকবাল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের আলোকে প্রকাশিত গ্রাফিক নভেল ‘মুজিব’কে ইতিহাসের এক ‘অসাধারণ দলিল’ হিসেবে বর্ণনা করেছেন লেখক মুহম্মদ জাফর ইকবাল।
শনিবার অমর একুশে বইমেলায় গ্রাফিক নভেল মুজিবের শেষ দুই খণ্ডের (নবম ও দশম) মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাফর ইকবাল বলেন, “‘মুজিব’ গ্রাফিক নভেল বঙ্গবন্ধুকে নিয়ে খুবই অসাধরণ একটি দলিল হয়েছে; এটি শুধু ছোট বাচ্চারা পড়বে তাই নয়, বড় মানুষরা এটা তাদের বাসায় সাজিয়ে রাখতে পারবে।”
আওয়ামী লীগের গবেষণা উইং ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই) প্রকাশিত এ গ্রাফিক নভেলকে একটি বড় ‘পরিকল্পনা’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “ছোট বাচ্চারা বড় বই পড়তে শেখেনি, কিন্তু ওদের ছবি দেখতে অনেক ভালো লাগে।
“আমি যখন ছোট ছিলাম, আমারও কমিক পড়তে অনেক ভালো লাগত। আমি মনে করি, এখন বাচ্চারা কমিক পড়তে খুবই পছন্দ করে। কাজেই তাদেরকে টার্গেট করে এই মুজিব কমিকটা প্ল্যান করা হয়েছে। এটা একটা বড় প্ল্যান।”
শনিবার বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে সিআরআইয়ের স্টলের সামনে শেষ দুই পর্বের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন লেখক আনিসুল হক, গ্রাফিক নভেলের শিল্পী সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, কাহিনী বিন্যাস ও সংলাপ লেখক সিদ্দিক আহমেদসহ সহযোগী শিল্পীরা।
এবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছে নবম ও দশম খণ্ড, যার মাধ্যমে শেষ হল এ ধারাবাহিক প্রকাশনার।
এর দশটি খণ্ড একত্রে বই আকারে প্রকাশের অনুরোধ জানিয়ে জাফর ইকবাল বলেন, “সাত বছর সময় লেগেছে, ওরা ধৈর্য হারায়নি। কাজগুলো খুবই সুন্দর হয়েছে। আমি দেখেছি, প্রথম দিকে ছবিগুলো যেমন হয়েছে, আস্তে আস্তে ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে।
“আমি অনুরোধ করব, সবগুলো পর্ব একটা বই আকারে বের করতে এবং যে ছবিগুলো ‘রিটাচ’ করা দরকার, সেগুলো যাতে এডিট করা হয়।”
জাতির পিতার লেখক সত্তার কথা স্মরণ করে সাবেক অধ্যাপক জাফর ইকবাল বলেন, “বঙ্গবন্ধুর লেখা বইগুলো অসাধারণ। বঙ্গবন্ধুকে নিয়ে আমরা অনেক কিছু বলি, কিন্তু তিনি যে কত বড় লেখক ছিলেন, সেটা নিয়ে কেউ বলে না। তিনি কিন্তু অসাধারণ একজন লেখক ছিলেন। আমি সবাইকে বলব, সবাই তার বইগুলো পড়বেন।”
গ্রাফিক নভেল ‘মুজিব’ এর প্রকাশক সিআরআইয়ের ট্রাস্টি ও বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এবং আরেক ট্রাস্টি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
গ্রাফিক নভেলের নবম খণ্ডে আওয়ামী লীগ গঠনের বিভিন্ন ধাপ, পাকিস্তানের পাঞ্জাবে গিয়ে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবের সাক্ষাৎ এবং সেখানকার বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে তার পরিচয়ের প্রসঙ্গ উঠে এসেছে। এই খণ্ডের নাম রাখা হয়েছে ‘মিশন পাঞ্জাব’।
আর দশম খণ্ডের শিরোনাম ‘মুক্তির পাথে’। এই খণ্ডে কারাগারে থাকা শেখ মুজিবের অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া, সেখানে গোপনে ভাষা আন্দোলনের জন্য সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন, জেলে অনশন, শরীর ভেঙে পড়া, ঢাকার বাইরে স্থানান্তর, জেল থেকে মুক্তি, প্রাদেশিক নির্বাচনে বিজয় এবং ছয় দফাসহ বিভিন্ন ঘটনা স্থান পেয়েছে।
পুলিশের চোখ ফাঁকি দিয়ে বঙ্গবন্ধুর লাহোরে পৌঁছানো, ফেরার সময় দিল্লি, কলকাতা হয়ে বেনাপোল দিয়ে খুলনা, ছদ্মবেশে থেকে জাহাজ চড়ে টুঙ্গিপাড়ায় পৌঁছানোর ঘটনা এই খণ্ডে এসেছে।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পর শিশু-কিশোর ও তরুণদের কাছে তার ঘটনাবহুল জীবন নতুন রূপে তুলে ধরার জন্য বইটিকে গ্রাফিক নভেলের রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
তিনি বলেন, “পঁচাত্তরের পর কোনো জায়গায় বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেত না। আমি চুরানব্বই সালে দেশে ফেরত এসে দেখি, টেলিভিশনে বঙ্গবন্ধুর নাম একবারও উচ্চারণ হয় না।
“কী আশ্চর্য ব্যাপার! যে মানুষটা দেশটাকে এনে দিয়েছে, এদেশ থেকে তাকে পুরোপরি সরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা যদি অনেক বড় অপরাধ হয়ে থাকে, বঙ্গবন্ধুকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা তার থেকে একশ গুণ বড় অপরাধ।”
তিনি বলেন, “১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আমি আমার স্ত্রীকে নিয়ে টেলিভিশন কিনে এনেছিলাম যে, আজকে বঙ্গবন্ধুকে টেলিভিশনে দেখান হবে। সত্যিই বঙ্গবন্ধুকে দেখানো হয়েছে এবং দেখে চোখে পানি চলে এসছিল যে, যে মানুষটা এ দেশটাকে এনে দিয়েছে, আর এই দেশ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
“সেজন্য যখনই বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কাজ হয়, আমি সেটার পেছনে থাকি এবং সেটার সাফল্য কামনা করি। আমি মনে করি, যতভাবে বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করা সম্ভব, এই কাজগুলো আমাদের করতে হবে। কারণ এই দেশে জেনারেশনের পর জেনারেশন বড় হয়েছে, বঙ্গবন্ধুর নাম না জেনে, বঙ্গবন্ধু কী করেছেন, তা না জেনে।”
অনুষ্ঠানে আনিসুল হক বলেন, “অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা এবং আমরা দেখা নয়া চীন প্রতিটি বাঙালির অবশ্য পাঠ্য। কিন্তু শিশু ও কিশোরদের ক্ষেত্রে কী হবে, তারা তো এই বইগুলো পড়তে পারবে না।
“তাদের জন্য সিআরআই বা রাদওয়ান মুজিব সিদ্দিক বা আমাদের শিবু ভাই, এরা মিলে যে দশটা খণ্ডে ‘মুজিব’ এই গ্রাফিক নভেলটা বের করলেন, তারা এর মাধ্যমে পুরো জাতির কৃতজ্ঞতাভাজন হলেন।”
শিশু-কিশোররা যাতে এগুলো পড়ে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় সেজন্য এই দশটি নভেল প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি।
“আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও আমাদের জাতীয় নেতা, এদেশটা আমরা কীভাবে পেলাম তার প্রেক্ষাপটটা এই বইয়ের মধ্য দিয়ে জানতে পারবে।”
সম্পাদক শিবু কুমার শীল বলেন, “শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত যত্নের সঙ্গে প্রতিটি খসড়া দেখে দেওয়ায় অনেক কাজ সহজ হয়েছে এবং অনেক ভুলও এড়ানো গেছে।
“এখন পর্যন্ত তিনটা খণ্ড ইংরেজিতে এবং জাপানি ভাষায় দুটি খণ্ড অনূদিত হয়েছে। ভবিষ্যতে ফরাসি ও চীনা ভাষায় অনুবাদ করার পরিকল্পনা রয়েছে।”
আরও খবর
