পোস্তগোলায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
ঢাকার পোস্তগোলায় মধ্যরাতে একটি পোশাক কারখানা আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর জানান, শনিবার রাত পৌনে ১২টার দিকে শ্যামপুর লাল মসজিদের পাশে আলম গার্মেন্টস কারখানায় আগুন লাগার খবর এলে তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাত তলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
