২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় জয়শঙ্করের শোক

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2022, 11:36 PM

Updated : 02 Aug 2022, 02:27 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে এ শোকবার্তা পাঠান জয়শঙ্কর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “শোকবার্তায় ড. জয়শঙ্কর ভারত সরকার এবং তার নিজের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রিয়জনদের আকস্মিক মৃত্যুর শোক সইবার মানসিক শক্তি কামনা করেন।”

একইসঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সুস্থভাবে তাদের পরিবারের মাঝে ফিরে যাওয়ার প্রার্থনা করেন তিনি।

গত ২৩ ডিসেম্বর গভীর রাতে ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় অভিযান-১০ নামের লঞ্চটিতে আগুন লাগে।

অনেকে নদীতে লাফিয়ে প্রাণ বাঁচাতে পারলেও কেবিনে থাকা অধিকাংশ যাত্রী জীবন্ত দগ্ধ হন।

ওই ঘটনায় এ পর্যন্ত অন্তত ৪৭ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে; দগ্ধ বা আহত হয়েছেন শতাধিক।

এদের মধ্যে ১২ জন এখনও ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বলে জানিয়েছেন সেখানকার আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন।