জগন্নাথ হলে শিক্ষার্থীকে ‘চড়-থাপ্পড়’: ক্ষমা চাইলেন সেই ছাত্রলীগ নেতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এক ছাত্রকে রুমে গিয়ে চড়-থাপ্পড় মেরে সিট থেকে নামিয়ে দেওয়ার ঘটনার দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন হল ছাত্রলীগ নেতা সত্যজিৎ দেবনাথ।
এরপর শিক্ষার্থী সাগর সরকার যে লিখিত অভিযোগ দিয়েছিলেন হল প্রশাসনের কাছে, সোমবার তা প্রত্যাহার করে নিয়েছেন।
ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় রোববার বেলা আড়াইটার দিকে জগন্নাথ হল ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সত্যজিৎ তার সমর্থকদের নিয়ে গণিত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাগর সরকারের কক্ষে গিয়েছিলেন।
সাগরের অভিযোগ, সত্যজিৎ তাকে চড়-থাপ্পড় মারেন। পরে ১০ তলা থেকে তার বিছানাপত্র নিচে ফেলে দেন।
এরপর বিকালে হল প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছিলেন সাগর।
তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভ্যন্তরীণ মীমাংসার প্রেক্ষিতে আমি আমার অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছি এবং সংশ্লিষ্ট মহল আশ্বাস দিয়েছে পরবর্তীতে এরূপ ঘটনা আর ঘটবে না। এ ঘটনায় তারা দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।”
অভিযোগ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা নিজেদের মধ্যে বিষয়টা মীমাংসা করে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে। আমি গিয়েছিলাম, তারা সরি বলেছে, মাফ চেয়েছে। তারপরও আমি অভিযুক্তকে পার্সোনালি ডেকে সতর্ক করব।”
ক্ষমা চাওয়ার কথা স্বীকার করে সত্যজিৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিষয়টা নিজেদের মধ্যে মীমাংসা করে নিয়েছি। প্রভোস্ট স্যারকেও আমরা বিষয়টা অবহিত করেছি।
“ওর কাছে আমি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছি। ভবিষ্যতে চেষ্টা করব, এরকম ঘটনা যাতে আর না ঘটে। যতটুকু পারি, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব। ও তো আমাদেরই সংগঠনের ছোটো ভাই। আমি ওকে বলেছি, ব্যাপারটা খারাপ হয়ে গেছে।”
সত্যজিৎ বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের ২০১৩-১৪ বর্ষের শিক্ষার্থী। তিনি হলের সভাপতি বা সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।
