নোয়ামির নতুন চেয়ারম্যান মাকসুদ কামাল
ন্যাশনাল ওশানোগ্রাফিক অ্যান্ড মেরিটাইম ইনস্টিটিউটের (নোয়ামি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, নোয়ামির ২৭তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। সেখানেই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন সৈয়দ মঈনউদ্দীন হায়দার, ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ড. আনোয়ার হোসাইন ভূইয়াঁ; কোষাধ্যক্ষ হয়েছেন ড. কামরুল আলম খান।
সাধারণ সম্পাদক হয়েছেন ড. সৈয়দ হাফিজুর রহমান; যুগ্ন সম্পাদক হয়েছেন ড. মোহাম্মদ শামসুর রহমান ও ড. সাখাওয়াত হোসেন।
বোর্ড অব গভর্নরসের সদস্য হয়েছেন- ড. সমরেন্দ্র কর্মকার, ড. মো. মশিউর রহমান, ড. শেখ তৌহিদুল ইসলাম, মো. নূর হোছাইন শরীফি, ড. শারমিন মূসা, নিতাই চন্দ্র দে সরকার, মো. মোশারফ হোসেন, ড. মো. শামীম হাসান ভুইয়া ও ড. রোকসানা জাহান।
সভায় সর্ব সম্মতিক্রমে নতুন পর্ষদ নির্বাচিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় নোয়ামির সাম্প্রতিক গবেষণা, প্রশিক্ষণ, জাতিসংঘ সমুদ্র দশক (২০২১-২০৩০) এর কার্যক্রম উপস্থাপন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক ড. মোহন কুমার দাশ।
সুনীল অর্থনীতি, নিউম্যারিকাল মডেলিংসহ সমুদ্র বিজ্ঞানে ভূমিকা রাখতে ১৯৭৮ সালে রিয়ার এডমিরাল এম এইচ খানের উদ্যোগে নোয়ামির যাত্রা শুরু হয়।
