Published : 29 Aug 2021, 06:03 PM
রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি মো. মুজিবুল হক চুন্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত তিন বছরে কারখানা পরিদর্শকরা সেখানে পরিদর্শন করেছিলেন কি না, সেই প্রতিবেদন আমরা চেয়েছিলাম। মন্ত্রণালয় সেটা দিতে পারেনি। তারা মুখে বলেছে, তিন বছরে তিন বার পরিদর্শন হয়েছে। আমরা সেটা গ্রহণ করিনি। বলেছি কাগজ দিতে হবে।
“আমরা বলেছি, কমিটির আগামী বৈঠকে ওই প্রতিবেদন দিতে হবে। সেই প্রতিবেদন পাওয়ার পর আমরা আলোচনা করে দেখব, ডিপার্টমেন্টে কোনো গাফিলতি আছে কি না?”
গত ৮ জুলাই হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুনে ৫২ জনের প্রাণহানি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে।
ঘটনা তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।
জেলা প্রশাসনের তদন্ত কমিটি বলেছে, সরকারি দুটি সংস্থা শ্রম অধিদপ্তর এবং কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যথাযথভাবে তদারক করলে এ দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো যেত।
সংসদীয় কমিটির বৈঠকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানায়, তারা গত ৭ জুন সর্বশেষ ওই কারখানা পরিদর্শনে যায়। সেখানে শ্রম আইন ও বিধিমালা ভঙ্গ হয়েছে মর্মে কারখানাকে কারণ দর্শাও নোটিস দেওয়া হয়। সেই নোটিসের জবাব না পাওয়ায় গত ৩০ জুন শ্রম আদালতে মামলা করে অধিদপ্তর।
এদিকে বৈঠকে একই নামে ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন ফেডারেশনে নিবন্ধনের জন্য যে সকল আবেদন দাখিল হয়েছে তার মধ্যে এখন পর্যন্ত যে সব আবেদন নিবন্ধন হয়নি তার কারণসহ একটি পূর্ণাঙ্গ বিবরণী আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এবং সেন্ট্রাল ফাউন্ডেশন এর অর্গানোগ্রাম অনুযায়ী সুষ্ঠুভাবে নিয়োগের জন্য একজন অতিরিক্ত সচিবকে স্থায়ীভাবে পদায়নের জন্য এবং উক্ত ফাউন্ডেশনের অর্থ কোথা থেকে আসে, কোথায় কোথায় ব্যয় হয় এবং বর্তমানে কত টাকা আছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা পরের বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
এছাড়া বর্তমানে শ্রম অধিদপ্তরে কতজন ডিআইজি দায়িত্বে আছেন, তাদের তালিকা এবং তৃতীয়-চতুর্থ শ্রেণীর পদে পদোন্নতির যোগ্যতা সম্পন্ন কর্মচারীদের তালিকা পরের বৈঠকে পেশ করার সুপারিশ করা হয়।
মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, শামসুন নাহার ও আনোয়ার হোসেন হেলাল অংশ নেন।