২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূ-বৈজ্ঞানিক তথ্যাবলির বহুল প্রচারে জোর জ্বালানি প্রতিমন্ত্রীর

টেকসই উন্নয়নে সহযোগিতার অনুষঙ্গ হিসাবে ভূ-বৈজ্ঞানিক তথ্যাবলির বহুল প্রচারের উপর গুরুত্ব দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 12:34 AM

Updated : 02 Aug 2022, 06:12 PM

বুধবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “ভূ-বৈজ্ঞানিক তথ্যাবলীর বহুল প্রচার টেকসই উন্নয়নে সহযোগিতা করবে। বৃহৎ অবকাঠামো নির্মাণে অবশ্যই ভূ-তাত্ত্বিক জরিপের প্রভাব মূল্যায়ন করা উচিত।”

বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরে (জিএসিবি) মুজিব কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে

‘ভূমির উপযুক্ততা মানচিত্র’ সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মুজিব কর্নার স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নসরুল।

তিনি বলেন, জিএসিবি প্রণীত সাইসমিক জোনেশন ম্যাপ জাতীয় বিল্ডিং কোডে অন্তর্ভুক্ত হয়েছে। দিনাজপুরের হাকিমপুরে প্রায় ৫০ মিটার পুরুত্বের লৌহ আকরিক সমৃদ্ধ চৌম্বক শিলার প্রাপ্তি নিশ্চিত হয়েছে; যেখানে লৌহ আকরিকের সম্ভাব্য মজুদ প্রায় ৬২৫ মিলিয়ন টন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব আনিছুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. হোসেন মনসুর ও জিএসবি’র মহাপরিচালক ড. মহ. শের আলী বক্তব্য দেন।