২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে যৌথ উদ্যোগের তাগিদ

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমানের টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে সমমনা উন্নয়ন সংস্থার যৌথ কার্যক্রম পরিচালনা এবং অ্যাডভোকেসি কার্যক্রম গ্রহণের পরামর্শ  এসেছে এক মত বিনিময় সভায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2021, 11:30 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

বুধবার বিকেলে ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আইডিপি) আয়োজিত ‘সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত প্রয়াস’ শীর্ষক এক ভার্চুয়াল মতবিনিময়  সভায় অংশগ্রহণকারীরা এ পরামর্শ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় বলা হয়, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীকে মূলধারার উন্নয়নে সম্পৃক্ত করতে না পারায় এখনো তারা পিছিয়ে।  তাদের বেশিরভাগই জীবিকার জন্য দিনমজুরের কাজে নিয়োজিত। বিকল্প আয়ের দক্ষতা তৈরি না হওয়ায় মূলধারার অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা যুক্ত হতে পারছেন না। প্রণোদনার অভাবে তাদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকেও বঞ্চিত থাকছে। স্থানীয় সামাজিক সংগঠনগুলো প্রায় অকার্যকর থাকায়- তাদের ভাষা ও সংস্কৃতির চর্চা হারিয়ে যাচ্ছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্যে পৃথক কমিশন গঠন, তাদের মূলধারায় সম্পৃক্ত করার পাশাপাশি জীবন-জীবিকা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে উন্নয়ন সংস্থাগুলোর যৌথ কার্যক্রম পরিচালনার ওপর জোর দেওয়া হয় সভায়।

সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সভায় বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজির অন্যতম অঙ্গীকার হচ্ছে ‘কাউকে পশ্চাতে রেখে নয়’, অর্থাৎ উন্নয়নের কার্যক্রমে  সমাজের কোনো অংশই বাদ পড়বে না। সেজন্য সকল সরকারি-বেসরকারি উন্নয়ন সংগঠনকে একসঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি।

“আমার মন্ত্রণালয় এসব জাতিগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালনার জন্য আলোচনা করতে পারে। কোভিড সংক্রমণ প্রতিরোধে আমরা ব্র্যাকসহ সমমনা প্রতিষ্ঠানগুলোর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।“ 

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও সমন্বিত উন্নয়ন কর্মসূচির পরিচালক আন্না মিনজ সভায় ‘আইডিপি ইন্ডিজেনাস পিপলস প্রজেক্ট’ বিষয়ক একটি পর্যালোচনা তুলে ধরেন।

তিনি বলেন, “সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর দরিদ্র এবং প্রান্তিক মানুষ, বিশেষ করে নারীদের কীভাবে ক্ষমতায়ন করা যায়, তা নিয়ে ব্র্যাক কাজ করছে, যেন তারা সম্পদে তাদের অংশীদারত্ব নিশ্চিত করতে পারে।” 

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক মাহমুদুল এইচ সুমন এবং বাংলাদেশ ইন্ডিজেনাস পিপলস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

অন্যদের মধ্যে বক্তব্য দেন আইএলও এর এসডিজি জয়েন্ট প্রোগ্রাম ফর টি গার্ডেন-এর ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর আলেক্সিউস চিছাম, গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক সারা মারান্ডি, এসআইডি-সিএইচটি-র ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার প্রসেনজিত চাকমা।

সভাটি সঞ্চালনা করেন ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি বিজলী সিং ও বেলাল লাকড়া মাঠ থেকে সরাসরি ডিজিটালি সংযুক্ত হয়ে মতবিনিময় সভায় তাদের মতামত প্রকাশ করেন।