উগ্রবাদীরা হ্যাকিংও শিখছে: পুলিশ
জঙ্গিদের আন্তঃযোগাযোগে ইন্টারনেটে নানা প্রযুক্তি ব্যবহারের কথা আগেই বলে আসছিল পুলিশ; এখন জানতে পেরেছে, উগ্রবাদীরা হ্যাকিংও শিখছে।
সন্দেহভাজন চার জঙ্গিকে গ্রেপ্তারের পর বুধবার এমন তথ্য জানিয়েছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
গ্রেপ্তার চারজন হলেন- রায়হান হোসেন ওরফে সাব্বির হোসেন রাইয়ান, তানভীর হোসেন, আমিনুল ইসলাম ও সাগর ইসলাম ওরফে ইউসুফ বিন আব্দুর রাকিব।
চারজনের বাসাই ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায়। এদের মধ্যে তিনজন ওই এলাকার তিনটি কলেজে পড়েন। আমিনুল উচ্চ মাধ্যমিক পাসের পর ইন্টারনেট ব্যবসায় যুক্ত হয়েছেন।
বুধবার বিকালে বারিধারায় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, প্রায় ছয় মাস ধরে অনলাইনে এই তরুণদের কার্যক্রমের উপর নজরদারি করা হচ্ছিল। এরপর বুধবার গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনাকারী এটিইউর অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন বলেন, গ্রেপ্তার চারজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের মতাদর্শে বিশ্বাসী। তবে তারা যে জঙ্গি সংগঠনটির সঙ্গে সরাসরি যুক্ত এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আবার তাদের কেউ পৃষ্ঠপোষকতা করছেন এমন তথ্যও মেলেনি।
মূলত তাদের কাছে আনসারউল্লাহ বাংলাটিমের তাত্ত্বিক নেতা জসীমউদ্দীন রাহমানীর বই উদ্ধারের কারণে এমন ধারণা করছে এটিইউ। ওই চারজনের কাছ থেকে ‘মুজাহিদের অনলাইন সিকিউরিটি’ নামে একটি বুকলেটও উদ্ধার করা হয়েছে। ওই বুকলেটটি মূলত একটি অনলাইন প্রবন্ধের ছাপা কপি।
‘অ্যানোনিমাস হ্যাকার’ নামে একজন বইটি লিখেছেন। বইটির শুরুতে ভূমিকায় বলা হয়েছে, ‘আমাদের মতো হ্যাকারদের কর্তৃপক্ষ থেকে নিরাপদ থাকার জন্য অনলাইন সিকিউরিটি সম্পর্কে জানা অত্যাবশ্যক। জিহাদের ময়দানে অনেক ভাই আছেন যারা এসব বিষয়ে খুব খবর রাখেন না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কীভাবে সরকারি গোয়েন্দা বাহিনীর হাত থেকে নিরাপদ থাকা যায় সে বিষয়ে একটি আর্টিকেল লিখার।’
বইটিতে মূলত নিজের পরিচয় গোপন (আন-ট্রেসেবল) রেখে অনলাইনে কী করে কর্মকাণ্ড চালানো যায় সে বিষয়গুলো রয়েছে। বিভিন্ন অধ্যায়ে মিডিয়া অ্যাকসেস কন্ট্রোল, আইপি অ্যাড্রেস, ফিশিং, কি লগার, সোস্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। কম্পিউটারে কী করে বিষয়গুলো প্রয়োগ করা যাবে, সেজন্য প্রতিটি আলোচনার সঙ্গে প্রয়োজনীয় ছবিও সংযুক্ত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন বলেন, “গ্রেপ্তার চারজন এখনও হ্যাকিংয়ের বিষয়গুলো রপ্ত করে উঠতে পারেননি। সে বিষয়গুলোতে দক্ষ হয়ে উঠলে এদের হয়ত গ্রেপ্তার করা কঠিন হত।”
সংবাদ সম্মেলনে এসপি আসলাম খান বলেন, এই গ্রুপের সদস্যরা ’গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার জন্য অনলাইনে উগ্রবাদ প্রচার করে আসছিল। তবে তাদের বড় কোনো নাশকতা করার সক্ষমতা নেই।
