২৪ ঘণ্টায় শিশু ধর্ষণ মামলার অভিযোগপত্র
ছয় বছরের একটি শিশু ধর্ষণের মামলায় আসামি গ্রেপ্তারের ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে অভিযোগপত্র দিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
এই মামলায় জহির মিয়াকে (৪৫) গত সোমবার গ্রেপ্তারের পর র্যাব-১ টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে।
এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাসুদ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনা স্বীকার করে বিস্তারিত বর্ণনা দেন জহির মিয়া।
“পরদিন মঙ্গলবার আদালতে এই বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেন তিনি। ঘটনার শিকার শিশুটিও আদালতে ২২ ধারায় জবানবন্দী দেয়।
সব সাক্ষ্য প্রমাণ সংগ্রহ শেষে ওই দিনই (মঙ্গলবার) অভিযোগপত্র প্রস্তুত করে আদালতে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
পুলিশ জানায়, নির্যাতনের শিকার শিশুটির পরিবার থাকে টঙ্গী স্টেশন এলাকায়। বাবা ভাসমান ব্যবসায়ী। গত ২২ জুন সন্ধ্যায় ভাড়া বাসার বাইরে খেলার সময় ৬ বছরের শিশুটিকে ডেকে নিয়ে যান প্রতিবেশী জহির মিয়া।
এরপর শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে জহির পালিয়ে যান। তখন শিশুটির মাকে খবর দেয়া হয়। ভয়ে জড়োসড়ো শিশুটি জানায় তাকে ধর্ষণের চেষ্টা করেছেন ওই ব্যক্তি।
পুলিশ কর্মকর্তারা জানান, আতঙ্কিত শিশুটিকে তখনই গোসল করিয়ে দেন মা, কাপড়গুলো ধুয়ে দেয়া হয়। এতে ধর্ষণের বস্তুগত আলামত নষ্ট হয়ে যায়। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসারও চেষ্টা করা হয়।
পরে শিশুটির মা স্থানীয় র্যাব-১ এর ক্যাম্পে গিয়ে অভিযোগ দেন। এরপর গত সোমবার (২৮ জুন) রাত আটটার দিকে জহির মিয়াকে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারের পর তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।
