২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দফায় ১৮২ নাগরিককে ফেরাল অস্ট্রেলিয়া

করোনাভাইরাস মহামারীর মধ্যে তৃতীয় বিশেষ ফ্লাইটে ১৮২ নাগরিককে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 05:59 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

বুধবার সকালে তাদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ওই বিশেষ ফ্লাইট।

ঢাকায় অস্ট্রেলিয়ান হাই কমিশন জানিয়েছে, ১৬ এপ্রিল থেকে তিন দফায় প্রায় ৭০০ নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরানো হয়েছে।

এদিনের ফ্লাইটে অস্ট্রেলীয়দের সঙ্গে বিমানটিতে দুজন নিউজিল্যান্ডের নাগরিকও ছিলেন; যারা অস্ট্রেলিয়া হয়ে স্বদেশে যাবেন।

বিমানবন্দরে যাত্রীদেরকে বিদায় জানান ঢাকায় অস্ট্রেলিয়ান হাই কমিশনার জেরেমি ব্রুয়ার।

তাকে উদ্ধৃত করে হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোভিড - ১৯ মহামারীটির প্রভাব বিশ্বজুড়ে বজায় থাকার কারণে আমরা অস্ট্রেলিয়ানদের দেশে ফিরে আসতে সহায়তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।”

হাই কমিশন আরও জানিয়েছে, কোভিড-১৯ মহামারী শুরুর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত প্রায় ২৩ হাজার নাগরিককে দেশে ফিরিয়েছে অস্ট্রেলীয় সরকার।