২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআইবিতে হল ডেটা সাংবাদিকতার প্রথম প্রশিক্ষণ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে তিন দিনের ডেটা সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2019, 10:29 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

শুক্রবার দুপুরের পর অংশগ্রহণকারী সাংবাদিকদের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণের মাধ্যমে এটি শেষ হয়।

তিন দিনের এই কর্মশালা শুরু হয় গত ২৬ জুন। ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এতে অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, তথ্য প্রযুক্তির যুগে সাংবাদিকতার নতুন যে পরিসর তৈরি হয়েছে, সেখানে ডেটা সাংবাদিকতার অনেক গুরুত্ব রয়েছে।

সভাপতির বক্তব্যে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ নিজের সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ করে বলেন, “আমরা এক সময় ডেটা দেখলে সেটাকে বরং এড়িয়ে যেতাম। বাজেটের মতো ইস্যুতে অল্প কিছু ডেটার ব্যবহার হত। এখন সেই ডেটাকে কাজে লাগিয়ে সংবাদ তৈরি করছে সাংবাদিকরা। বাংলাদেশের সাংবাদিকরা যাতে সেই সুযোগ পেতে পারেন, সেই উদ্দেশে পিআইবি এই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে।”

এই প্রশিক্ষণ ঢাকায় চলমান থাকবে জানিয়ে তিনি বলেন, ক্রমে এটি ঢাকার বাইরেও ছড়িয়ে দেওয়া হবে।

দেশের ডেটাভিত্তিক প্রথম পোর্টাল ডেটাফুল-এর প্রজেক্ট লিড সাংবাদিক পলাশ দত্ত এতে মুখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন।

ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৩৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কর্মশালাটির সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান।