২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আজও খুঁজতে হয় স্বাধীনতার অর্থ’

প্রযুক্তি, অর্থনীতি, সামাজিক আর সাংস্কৃতিক ক্ষেত্রে নানা অগ্রগতি এলেও শ্রেণি বৈষম্যে সমঅধিকার প্রতিষ্ঠার পথে বাঙালিকে এখনও লড়াই করতে হচ্ছে বলে মনে করেন মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদরা।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2018, 05:03 PM

Updated : 11 Oct 2022, 12:50 PM

এই লড়াইয়ে কাঙ্ক্ষিত বিজয় আসেনি বলে এখনও বাঙালিকে স্বাধীনতার অর্থ খুঁজে বেড়াতে হয় বলে মন্তব্য করেছেন তারা।

বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে নিজেদের মতামত জানিয়েছেন গণমাধ্যম কর্মীদের কাছে।

মুক্তিযুদ্ধকালীন দুই নম্বর সেক্টরের যোদ্ধা ক্যাপ্টেন লুৎফুর রহমান বলেন, “অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে বাংলাদেশ। উন্নতির সোপান বেয়ে এগিয়ে চলেছে দেশ। তবুও উন্নতির পথে এখনও অনেক প্রতিবন্ধকতা রয়ে গেছে। এই প্রতিবন্ধকতাগুলো এখনও জয় করতে পারিনি আমরা। একাত্তরে স্বাধীন একটি দেশ পেয়েছি, কিন্তু এখনও আসেনি আমাদের কাঙ্ক্ষিত বিজয়। তাই আজও খুঁজে বেড়াতে হয় স্বাধীনতার অর্থ।”

তবে বাংলার এই বীর সন্তানের দৃঢ় বিশ্বাস, মুক্তিযুদ্ধের চেতনায় ‘বিশ্বাসী’ তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হবে।

পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও জাতীয় চার নেতাকে হত্যার পর স্বাধীনতাবিরোধী চক্র উল্টো পথে ঘুরিয়ে দিয়েছিল বাংলাদেশকে। রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছিল একাত্তরের পরাজিত পাকবাহিনীর দোসরেরা। দোসরদের দলটি বদলে দিতে চেয়েছিল ইতিহাস;  ইতিহাসের পাতা থেকে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটি মুছে ফেলার ষড়যন্ত্রও করেছিল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম মনে করেন, সে ধারাবাহিকতায় একাত্তর পরবর্তী প্রজন্মকে ইতিহাসের ভুল পাঠ দেওয়া হয়েছিল, যাতে তাদের অনেকের মননেও এসেছে বিকৃতি।

Image
বিজয় দিবসে রোববার সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। ছবি: আব্দুল্লাহ আল মমীন

বিজয় দিবসে রোববার সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। ছবি: আব্দুল্লাহ আল মমীন

ফারজানা ইসলাম বলেন, “একটি জাতি গঠনে কত ত্যাগ-তিতিক্ষা স্বীকার করতে হয়েছে বাঙালিকে, সে কথা তারা বুঝতে চায় না। নতুন প্রজন্ম আজও খুঁজে, স্বাধীনতার অর্থ কি! তাদের যে ইতিহাস শেখানো হয়েছে, সেটা ভোলাতে হবে। তাদের সত্যিটা শেখাতে হবে।”

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশীদ বলেন, “১৯৭১ সালে স্বাধীনতা অর্জিত হলেও জাতীয় মুক্তি অর্জিত হয়নি এখনও। এই মুক্তির সংগ্রাম দীর্ঘস্থায়ী।”

তবে অধ্যাপক রশীদের দৃঢ় বিশ্বাস, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী এই বাংলাদেশে প্রতিবন্ধকতা কোনো বিষয় নয়। প্রতিবন্ধকতা জয় করে বিজয়ের পথে অগ্রযাত্রা অব্যাহত থাকবে বাংলাদেশে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, “স্বাধীনতার ৪৮ বছরে অনেক কিছু অর্জিত হলেও অর্জন হয়নি অনেক কিছু।”

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, তাতে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

Image
মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৭তম বার্ষিকীতে রোববার সাভার জাতীয় স্মৃতিসৌধে হাজারো মানুষের ঢল। ছবি: আব্দুল্লাহ আল মমীন

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৭তম বার্ষিকীতে রোববার সাভার জাতীয় স্মৃতিসৌধে হাজারো মানুষের ঢল। ছবি: আব্দুল্লাহ আল মমীন

‘ভোটাধিকারে রুখব পরাজিত দোসরদের আস্ফালন’

এবারের বিজয় দিবস উদযাপিত হচ্ছে এক অন্য প্রেক্ষাপটে। বিজয় দিবসের মাত্র ১৪ দিন পর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।

যুদ্ধাপরাধের দায়ে ২০০৮ সালে নির্বাচন কমিশনে নিবন্ধন খোয়ানো জামায়াতে ইসলামীর নেতারাও এবারও রয়েছেন নির্বাচনের মাঠে। নিজেদের প্রতীকে নির্বাচন করতে না পারলেও তাদের ২৫ জন নেতা এবার বিএনপির ধানের শীষ প্রতীকে লড়বেন।

একাত্তরের গণহত্যার দায়ে চিহ্নিত যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীর নির্বাচনে অংশ নেওয়ায় শঙ্কা জানিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

বিজয় দিবসে স্মৃতিসৌধে শহীদদের স্মরণ করতে এসে তরুণদের দল সেই শঙ্কা উড়িয়ে দিয়ে বলেছেন, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তারা যুদ্ধাপরাধীদের আস্ফালন রুখে দেবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষার্থী সুলতানা জাহান বলেন, “আমরা নিশ্চয়ই যুদ্ধাপরাধীদের ভোট দেব না। সে যে দলেই হোক না কেন, আমি ভোট দেব না তাকে। ”

একই বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী আয়েশা আক্তার ও জিনিয়া ফারহানা নাজনীনের কণ্ঠেও ধ্বনিত হয়েছে একই প্রতিধ্বনি।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী সিদ্ধার্থ সমাদ্দার ভোটাধিকার প্রয়োগ করবেন প্রথমবারের মতো।

তিনি বলেন, “শুধু যুদ্ধাপরাধী কেন, তাদের নিয়ে যারা রাজনীতি করে বেড়াচ্ছে, তাদের আমি ভোট দেব না। রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে যারা রাজাকারদের সাথে হাত মিলিয়েছে, তাদের কখনো আমি ভোট দেব না।”

সাভারের সিআরপি থেকে শ্রদ্ধা জানাতে এসে প্রশিক্ষণার্থী শাকিলা খাতুন মিতু বলেন, “মুক্তিযুদ্ধ দেখিনি আমরা। কিন্তু ইতিহাস সাক্ষ্য দিয়েছে তেইশ বছরের শোষণ ও বঞ্চনার। সেই শোষকদের, গণহত্যাকারীদের যারা সঙ্গ দিয়েছে, তাদের কখনও ভোট দেওয়ার প্রশ্ন আসে না।”

প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে যাওয়া সাভারের ভোটার আব্দুল হান্নান বলেন, “শুধু নিজেই নই, আমরা বন্ধুরা যারা প্রথমবারের মতো ভোট দেব, তারা রাজাকারদের দলটিকে বা তাদের দোসরদের ভোট দেব না। মুক্তিযুদ্ধে স্বাধীন একটি দেশ পেয়েছি কিন্তু সেই স্বাধীনতা টিকিয়ে রাখতে যে লড়াই, আমরা সে লড়াইয়ে এতটুকু ছাড় দেব না।”

‘সম অধিকারের পথ রচনায় আসবে কাঙ্ক্ষিত বিজয় ’

মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদদের মতো তরুণরাও মনে করেন, মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বিজয় আসবে সম অধিকারের পথ রচনায়।

একাদশ জাতীয় সংসদের যে দলটি দায়িত্ব্ নিতে চলেছে, তাদের প্রতিও নানা অনুরোধও জানিয়েছে তারা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষার্থী সুলতানা জাহান বলেন, “আমরা যখন বিজয়ের কথা বলি, তখন সেই পথে সবার আগে নিশ্চিত করতে হবে অর্থনৈতিক বৈষম্য মোচন।  শুধু মাথাপিছু আয় বাড়ল, আর তাতে দারিদ্র্য মোচন হয়ে গেল, এটা ভাবলে চলবে না। সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্তদের মধ্যে আয় বৈষম্য কমাতে না পারলে সেসব হবে বৃথা কথা।”

সাভারের সিআরপির প্রশিক্ষণার্থী চাঁদের কণা বলেন, “শিক্ষা খাতে নারী-পুরুষের বৈষম্য কমাতে হবে। অর্থনৈতিক উন্নয়নে প্রান্তিক মানুষের অংশগ্রহণ আরো বাড়াতে হবে।”

তরুণ রবিউল হোসেন মজুমদার বলেন, “কর্মসংস্থান নিশ্চিৎ করতে হবে তরুণদের। তবে তাতে শহুরে আর গ্রামীণের তফাৎ থাকলে চলবে না। সেবা খাতেও বৈষম্য কমাতে হবে।  সব ক্ষেত্রে সম অধিকার প্রতিষ্ঠা করা গেলে আমাদের কাঙ্ক্ষিত বিজয়।”

সাভারের সিআরপি থেকে হুইল চেয়ারে করে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে তরুণদের একটি দল।

সেই দলের তরুণ ভোটার কাজী বেলাল বলেন, “প্রতিবন্ধীদের বাদ দিয়ে, তাদের চাওয়া-পাওয়া অপূর্ণ রেখে উন্নয়নশীল দেশের কাতারে অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আমরা করুণা বা সাহায্য চাই না,চাইছি সহযোগিতা। আমাদের মেধা প্রমাণের সুযোগ দিন। কর্মসংস্থানের সুযোগ করে দিন। আমরা কারও ঘাড়ে বোঝা হতে চাই না আর।”

সেই দলের প্রতিনিধি শাকিলা জাহান মিতু বলেন, “প্রান্তিকের নারীর অর্থনৈতিক বৈষম্য গোছাতে হবে।”

স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, “আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম  এক শোষণহীন, প্রগতিশীল সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে। ক্ষমতাসীনরা সেই স্বপ্ন বাস্তবায়ন করলেই আমরা বলতে পারব, এসেছে বিজয়।”   

ফুলেল শ্রদ্ধায় বীরদের স্মরণ

রোববার প্রত্যুষে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, মুক্তিযোদ্ধা পরিবারের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর জনসাধারণের জন্য খুলে দেওয়া জাতীয় স্মৃতিসৌধের দুয়ার। তখন শ্রদ্ধার ফুলেল ডালি নিয়ে আসে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

দ্বিতীয় পর্বে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে গেলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি বাধে তাদের।

রাজনৈতিক দলগুলোর মধ্যে শ্রদ্ধা জানায় জাতীয় পার্টিও। দলটির সিনিয়র নেতারা কেউ না আসলেও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী।

শ্রদ্ধা জানায় জাসদ, বাসদ, ন্যাপ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাকের পার্টি, গণআজাদী লীগ, সাম্যবাদী দল; এনডিপি, ছাত্র সংগঠনগুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, ‍যুবমৈত্রী।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পর শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় খেলাঘর আসনসহ বেশকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও ফুলেল শ্রদ্ধা জানায় এদিনে।

শ্রদ্ধা নিবেদনের এ পর্বে আসেন নানা বয়সের, নানা পেশার মানুষ।

সদ্য হাঁটতে শেখা শিশুটি যেমন এসেছিল বাবার হাত ধরে, তেমনি করে অতিশীতিপর কজন প্রৌঢ়ার দেখা মিলেছে বিজয় দিনের ভোরে। ইতিহাসের স্বাক্ষী এই নারীরা চলৎশক্তিহীন হলেও এসেছিলেন হুইল চেয়ারে করে।

মূল বেদি অবধি তাদের শ্রদ্ধার ফুল পৌঁছে যায় অন্য প্রজন্মের হাত ছুঁয়ে, যাদের হাত ধরে আবর্তিত হবে আগামীর গতিপথ।