২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ৩ দিন জ্বলবে নীল বাতি

অটিজম দিবস উপলক্ষে আগামী ২ থেকে ৪ এপ্রিল বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নীল বাতি প্রজ্বলিত করবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 12:44 AM

Updated : 19 Aug 2022, 01:50 PM

২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এই তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে নীল বাতি জ্বালাবেন তিনি।

মেনন বলেন, “অটিজম কোনো ছোঁয়াচে রোগ নয়, এটি মানুষের হরমোনজনিত সমস্যার বহিঃপ্রকাশ, এটির প্রতীকী রং নীল। আগামী তিন দিন বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় নীল বাতি প্রজ্জ্বলন করা করা হবে।”

সমাজসেবা অধিদপ্তর দিবসটি উপলক্ষে আগামী ১৫ দিন নীল বাতি প্রজ্বলিত রাখবে বলেও জানান সমাজকল্যাণমন্ত্রী।

প্রতিবন্ধী জনগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ে সফটওয়্যারের মাধ্যমে একটি ডেটাবেইজ তৈরির কাজ চলছে বলে জানান তিনি।

Image
রাশেদ খান মেনন (ফাইল ছবি)

রাশেদ খান মেনন (ফাইল ছবি)

ওই ডেটাবেইজে এখন পর্যন্ত ১৫ লাখ ৫৮ হাজার ৫৪৩ জন প্রতিবন্ধীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এর মধ্যে ৪৪ হাজার ৬৭৫ জন অটিজম, ছয় লাখ ৯১ হাজার ৪৮৩ জন শারীরিক প্রতিবন্ধী, ৫২ হাজার ৮৪৬ জন দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজনিত প্রতিবন্ধী, দুই লাখ ১৪ হাজার ৯৫৪ জন দৃষ্টি প্রতিবন্ধী, এক লাখ ১৪ হাজার ৪৮৯ জন বাক প্রতিবন্ধী, এক লাখ ২২ হাজার ৩০৮ জন বুদ্ধি প্রতিবন্ধী, ৪৫ হাজার ৬৪৬ জন শ্রবণ প্রতিবন্ধী, ছয় হাজার ৫১৫ জন শ্রবণ-দৃষ্টি প্রতিবন্ধী, ৬৯ হাজার ৯৩৪ জন সেরিব্রাল পালসি, ১৭ হাজার ৯৭২ জন বহুমাত্রিক প্রতিবন্ধী, তিন হাজার ৫৫ জন ডাউন সিনড্রোম এবং ১২ হাজার ৯১১ জন অন্যান্য প্রতিবন্ধীকে চিহ্নিত করা হয়েছে।

অটিজমসহ সব প্রতিবন্ধীর উন্নয়নে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ এবং ‘নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩’ প্রণয়নের বিষয়টিও তুলে ধরেন মেনন।

তিনি জানান, অটিজম ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনটি ক্যাটাগরিতে তিনজন করে নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং সমাজকল্যাণ সচিব মো. জিল্লার রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।