২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নজরুল ইনস্টিটিউট বিল পাস

সামরিক সরকারের আমলে ১৯৮৪ সালের ‘নজরুল ইনস্টিটিউট অর্ডিন্যান্স’ বাতিল করে নতুন আইন করতে সংসদে বিল পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 05:49 PM

Updated : 25 Jul 2022, 08:29 PM

সোমবার ‘কবি নজরুল ইনস্টিটিউট বিল-২০১৮’ সংসদে পাসের প্রস্তাব করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি হয়।  

গত ১৫ নভেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন সংস্কৃতিমন্ত্রী। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

১৯৮৪ সালের সামরিক আমলে প্রণয়ন করা ‘নজরুল ইনস্টিটিউট অর্ডিন্যান্স’ রহিত করে নতুন করে বাংলায় আইন করতে বিলটি সংসদে তোলা হয়েছে।

বিলে বলা হয়েছে, ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ঢাকায় থাকবে, তবে প্রয়োজনে ঢাকার বাইরে এর শাখা স্থাপন করা যাবে।

জাতীয় কবির সাহিত্য, সংগীতসহ সকল সৃষ্টিকর্ম অনুশীলনে ইনস্টিটিউট উৎসাহিত করবে বলে বিলে বলা হয়েছে।

বিলের উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রী বলেন, “২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সামরিক শাসন আমলে জারিকৃত অধ্যাদেশগুলোর আবশ্যকতা পর্যালোচনা করে সংশোধন বা পরিমার্জনক্রমে নতুন আইন প্রণয়নের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নজরুল ইনস্টিটিউট অর্ডিন্যান্স-১৯৮৪ রহিত করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিমার্জন ও পুনর্গঠন করে ‘নজরুল ইনস্টিটিউট বিল-২০১৮’ প্রণয়ন করা বিশেষ করা প্রয়োজন।”