ব্র্যাকের শিশুদের নিয়ে বিজ্ঞান মেলা
ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে ঢাকার মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে শিশুদের অংশগ্রহণে হয়ে গেল দিনব্যাপী বিজ্ঞান মেলা।
বুধবার এই বিজ্ঞান মেলায় সারাদেশ থেকে আসা ব্র্যাক স্কুলের ৬৮ শিশু অংশ নেয়। স্পার্কেল, ম্যাজিক কর্নার, রূপান্তর ইত্যাদি আকর্ষণীয় নামে এখানে মোট ২১টি স্টল ছিল।
বিজ্ঞান পাঠকে সহজ করা এবং শিক্ষার্থীদের মধ্যে ভীতি দূর করে বিজ্ঞানের প্রতি আকর্ষণ তৈরির লক্ষ্যে ২০১৫ সাল থেকে ব্র্যাক এই আয়োজন করে আসছে।
সকালে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল।
তিনি বলেন, “শিক্ষার্থীরা ধীরে ধীরে বিজ্ঞানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, এটা কোনোভাবেই কাম্য নয়। নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে বিজ্ঞান মনস্ক জাতি তৈরিতে। প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের যুক্ত করে এ ধরনের আয়োজন আরও বেশি প্রয়োজন।”
মেলায় জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদসমূহের পুনঃব্যবহার, পানিদূষণ ও এর প্রভাব, শরীরের চাহিদা অনুযায়ী খাদ্য উপাদানের প্রয়োজনীয়তা সম্বলিত ‘খাদ্য পিরামিড’ সহ নানা ধরনের প্রজেক্ট তুলে ধরে শিশুরা।
এর মধ্যে দর্শনার্থীদের ভিড় সবচেয়ে বেশি দেখা যায় ‘ফেলনা থেকে খেলনা’ নামের স্টলটিতে। এখানে শিশুরা দেখায়, ফেলে দেওয়া প্লাস্টিক বা কাঁচ থেকে কীভাবে খেলনা তৈরি করা যেতে পারে।
বিকেলে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য মো. মশিউজ্জামান।
মেলায় সৃজনশীলতা ও উচ্চ মানসম্মত প্রজেক্ট তুলে ধরার জন্য প্রথম স্থান অধিকার করে কাঠ গড়া চার ব্র্যাক প্রাইমারি স্কুলের শিক্ষার্থী আশিকুর রহমান ও ইরা আক্তার। দ্বিতীয় হয়েছেন আহলিয়া ছয় ব্র্যাক প্রাইমারি স্কুলের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা ও সোহেল রানা এবং তৃতীয় হয়েছেন মুরালি ব্র্যাক প্রাইমারী স্কুলের শিক্ষার্থী শাহনাজ আক্তার মীম ও বর্ষা খাতুন।
