২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিভে গেল প্রান্তজনের কণ্ঠস্বর

ছাত্রজীবনে শোষণ মুক্তির সংগ্রামের যে দীক্ষা পেয়েছিলেন, সাহিত্যে তারই প্রতিফলন রেখে বিদায় নিলেন শওকত আলী।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 08:07 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

‘প্রদোষে প্রাকৃতজন’র লেখক যেমন প্রকাশ করেছেন এই বঙ্গের প্রান্তজনের শোষণ-বঞ্চনার ইতিবৃত্ত, তেমনি তুলে এনেছেন ক্ষমতাধর শোষকের বিরুদ্ধে অচ্ছুৎদের বিপ্লব-বিদ্রোহের ইতিহাস।

তার ‘ওয়ারিশ’ উপন্যাসে উঠে এসেছে ব্রিটিশদের শাসন-শোষণ, সাতচল্লিশের দেশভাগের বেদনা আর হিন্দু-মুসলিম দাঙ্গার মর্মন্তুদ কাহিনী।

কাল পরিক্রমায় যে সব সংগ্রামের মধ্য দিয়ে বাঙালির বিকাশ, তার সবই যেন সহজ-সাবলীল ভাষায় চিত্রায়িত করেছেন তিনি।

৮২ বছর বয়সে বৃহস্পতিবার মারা যাওয়া শওকত আলীকে এ কালের শ্রেষ্ঠ কথাসাহিত্যিকদের কাতারে রাখছেন সাহিত্য সমালোচক আবুল কাসেম ফজলুল হক।

প্রয়াত লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলার অধ্যাপক ফজলুল হক বলেন, “এ কালের শ্রেষ্ঠ কথাসাহিত্যিকদের একজন ছিলেন শওকত আলী। তার গল্প-উপন্যাসের বিষয়বস্তুতে সামাজিক অবিচার, অন্যায়ের কথা ফুটে উঠেছে, এসেছে গণমানুষের কথা।”

উন্নত প্রগতিশীল সমাজ বিনির্মাণে শওকত আলীর রচনাবলীর আলোচনা-সমালোচনার উপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সাহিত্যের আরেক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, বিদ্যমান অস্থির অবস্থার পরিবর্তন করতে হলে জীবনকে আরও স্বচ্ছ দৃষ্টিতে দেখতে হবে-এই সত্য উপলব্ধি করে সাহিত্যে তার রূপায়ন করতে পেরেছিলেন শওকত আলী।

“সাহিত্যে প্রান্তিক মানুষের জীবনের পরিবর্তনের কথা বলে গেছেন তিনি। তার সাহিত্যের বিষয়বস্তুতে সেই পরিবর্তনটি নিজস্ব ভাষারীতিতে উপস্থাপন করে গেছেন।”

পরিচিত সব শব্দের শৈল্পিক বুননে ব্যঞ্জনা সৃষ্টি করেছেন, সাবলীল উপস্থাপনায় পাঠককে নিয়ে গেছেন যেন তার চেনা কোনো পরিমণ্ডলের ঘটনার পরিক্রমায়-এই শৈল্পিক দক্ষতাকে গুরুত্বপূর্ণ মনে করছেন গবেষক শামসুজ্জামান খান।

শওকত আলীকে একালের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক অভিহিত করে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, “তার রাজনৈতিক চিন্তাধারা, বামপন্থি ধারা নিয়ে নানা মূল্যায়নও তার শৈল্পিক দক্ষতারই পরিচয় তুলে ধরে।”

লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “নিজস্ব পরিমণ্ডলে, নিজস্ব শৈলীতে তিনি জীবনভর গণমানুষের কথা বলেছেন। সেটি তাকে এক অনন্য বৈশিষ্ট্য এনে দিয়েছে।”

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “প্রগতিশীল চিন্তাধারায় তিনি সারা জীবন শোষণমুক্তির পক্ষে কথা বলেছেন। তিনি কখনও কারও কাছে বিক্রি হননি, নিজের বিশ্বাসকে কখনও তিনি হারাননি।”

কথাসাহিত্যে অবদানের জন্য একুশে পদক পাওয়া শওকত আলীর জন্ম ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের থানা শহর রায়গঞ্জে। দেশভাগের পর বাংলাদেশে চলে আসে তাদের পরিবার।

পশ্চিমবঙ্গে স্কুল ও কলেজের গণ্ডি পেরোনো শওকত আলীর উচ্চ শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলায়। কলেজ জীবনেই কমিউনিস্ট আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। ঢাকায় আসার পর সক্রিয় হয়েছিলেন ভাষা আন্দোলনে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তাকে বন্দি করে জেলে পাঠায় পাকিস্তানের সামরিক জান্তা।

পরে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পরে শিক্ষকতায় যোগ দেন শওকত আলী। বামপন্থিদের ‘নতুন সাহিত্য’ পত্রিকায় লিখতেন তিনি। এছাড়া দৈনিক মিল্লাত, মাসিক সমকাল ও ইত্তেফাকে তার অনেক গল্প, কবিতা ও শিশুতোষ লেখা প্রকাশিত হয়।

তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে, ‘পিঙ্গল আকাশ’, ‘অপেক্ষা’, ‘গন্তব্যে অতঃপর’, ‘উত্তরের খেপ’, ‘অবশেষে প্রপাত’, ‘জননী ও জাতিকা’, ‘জোড় বিজোড়’। ‘উন্মুল বাসনা’, ‘লেলিহান সাধ’, ‘শুন হে লখিন্দর’, ‘বাবা আপনে যান’সহ বেশ কয়েকটি গল্পগ্রন্থ সম্পাদনা করেছেন তিনি।

‘দক্ষিণায়নের দিন’, ‘কুলায় কালস্রোত’ ও ‘পূর্বরাত্রি পূর্বদিন’ উপন্যাসত্রয়ীর জন্য তিনি ‘ফিলিপস সাহিত্য পুরস্কার’ পান।

১৯৯০ সালে একুশে পদকের পরে বাংলা একাডেমি পুরস্কার, হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার, অজিত গুহ স্মৃতি সাহিত্য পুরস্কারে ভূষিত হন শওকত আলী।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন শওকত আলী।

ফুসফুসের সংক্রমণ, কিডনি জটিলতা ও হৃদরোগের সমস্যা নিয়ে ৪ জানুয়ারি এই হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হলে ৬ জানুয়ারি তাকে ল্যাব এইড হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান আবার বিএসএমএমইউয়ের আইসিইউতে এনে রাখা হয়েছিল তাকে।

বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবদনের পর বাদ মাগরিব পুরান ঢাকার টিকাটুলী জামে মসজিদে জানাযা হয় শওকত আলীর। পরে তার ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে স্ত্রী শওকত আরার কবরের পাশে তাকে দাফন করা হয় বলে প্রয়াতের মেজো ছেলে আসিফ শওকত কল্লোল জানিয়েছেন।