লালবাগ কেল্লার সীমানায় দুই অবৈধ বাড়ি উচ্ছেদ
লালবাগ কেল্লার সীমানার মধ্যে অবৈধভাবে গড়ে তোলা দুটি বাড়ি উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১১টায় এই অভিযান শুরু হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব অসীম কুমার দে জানান, ৬ দশমিক ২ শতক জায়গা জুড়ে থাকা বাড়ি দুটি নিয়ে দীর্ঘদিন মামলা চলছিল।
উচ্ছেদ করার আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তর যেন এ দুই বাড়ির মালিক হাজী মো. আবুল হাশেম ও মো. হারুনুর রশীদকে ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয় সেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
অসীম কুমার দে জানান, আবুল হাশেম তার ক্ষতিপূরণ বুঝে নিয়ে বিনা শর্তে বাড়ি ভাঙার কাজে সহযোগিতা করেছেন। কিন্তু হারুনুর রশীদ ক্ষতিপূরণ বাবদ তার ২২ লাখ ৫৮ হাজার ৬৪ টাকার চেক এখনো নেননি।
বাড়ি দুটি ভাঙার সময় দুই মালিকই সেখানে উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।
এদিকে বাড়ি ভাঙার সময় দেখা যায়, দুটো বাড়ির বেজমেন্টেই লালবাগ কেল্লার দেয়ালের ইট ব্যবহার করা হয়েছে, যা প্রত্নতত্ত্ব আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
লালবাগ কেল্লার তত্ত্বাবধায়কদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় এক যুগ ধরে দুই মালিক অবৈধভাবে ওই দুই বাড়িতে বসবাস করছিলেন। কেল্লার সীমানার ভেতরে বাড়ি নিয়ে কথা বলতে গিয়ে ‘বাধার শিকার’ও হতে হয়েছে অনেক সময়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দুটি বাড়ির মালিকানা বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। তবে কেল্লার সীমানার ভেতরে কারা ওই দুই বাড়ি নির্মাণ করেছিলেন, সে তথ্য তারা জানাতে পারেননি।
