২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়ভাষিণীর চিকিৎসায় রাষ্ট্রীয় সহযোগিতা চায় পরিবার

মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসার জন্য রাষ্ট্রীয় সহযোগিতা চেয়েছে তার পরিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 04:13 PM

Updated : 19 Aug 2022, 06:17 PM

ডায়াবেটিকস, হৃদরোগ, কিডনি জটিলতা নিয়ে ৭০ বছর বয়সী একাত্তরের এই সৈনিক এখন রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার সকালে তার মেয়ে ফুলেশ্বরী প্রিয়নন্দিনী মায়ের সুচিকিৎসার জন্য রাষ্ট্রীয় সহযোগিতার প্রার্থনা জানিয়ে বলেন, “আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে দেশের বাইরে কোথাও নিয়ে যাওয়া সম্ভব নয়। এখন রাষ্ট্রের সহযোগিতার তার জন্য প্রয়োজন। যদি রাষ্ট্র মনে করে তার পাশে থাকবে....।”

শুক্রবার তাকে প্রথমে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে নেওয়া হয়। পরে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকায় তাকে হেপাটোলজি বিভাগে আনা হয়েছে। সেখানে বেশ কয়েক দফায় রক্ত দেওয়া হয়েছে।

ফুলেশ্বরী জানান, ফেরদৌসী প্রিয়ভাষিণীর সারা শরীরে পানি চলে এসেছে, ফুসফুসেও পানি জমেছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় নেবুলাইজার দিতে হচ্ছে দফায় দফায়।

এর আগে চলতি বছর নভেম্বর মাসে নিজের বাসায় বাথরুমে পড়ে গোড়ালিতে চোট পান ফেরদৌসী প্রিয়ভাষিণী। গোড়ালির একটি হাড় স্থানচ্যুত হওয়ায় ১৩ ডিসেম্বর সেখানে অস্ত্রোপচারের পর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থাকতে হয় এই মুক্তিযোদ্ধাকে।

পরে গত বুধবার ফের ‘গুরুতর’ অসুস্থ হয়ে পড়লে তাকে ফের ল্যাব এইড হাসপাতালে নিয়ে আসা হয়।

১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় ফেরদৌসী প্রিয়ভাষিণীর জন্ম। ১৯৭১ সালে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত হন।

মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা-বিরোধীদের বিচারের দাবিতে তিনি সবসময়ই ছিলেন সোচ্চার। একাত্তরে নির্যাতিতা নারীদের ‘মুক্তিযোদ্ধা’ খেতাব প্রদানের দাবিও জানিয়েছিলেন তিনি।

স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয়। এর আগে ২০১০ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পদক পান।

২০১৪ সালে একুশের বইমেলায় তার আত্মজৈবনিক গ্রন্থ ‘নিন্দিত নন্দন’ প্রকাশিত হয়।