২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিবন্ধী কোটার’ প্রার্থীকে নিয়োগ দিতে হাই কোর্টের নির্দেশ

শারীরিক প্রতিবন্ধী রাসেল ঢালীকে ‘প্রতিবন্ধী কোটায়’ পরিবার পরিকল্পনায় পরিদর্শক পদে নিয়োগ দেওয়ার নির্দেশনা দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 03:26 PM

Updated : 19 Aug 2022, 05:58 PM

স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকসহ সাতজনকে রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এই নিয়োগের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহম্মদের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার দেওয়া রায়ে এই নির্দেশনা দেয়।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোকলেছুর রহমান।

পরে ছিদ্দিক উল্ল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, দুই বছর বয়সে টাইফয়েডে প্রতিবন্ধিত্বের শিকার হন মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়ন চন্দনধুল গ্রামের রাসেল ঢালী। কিন্তু প্রতীবন্ধিত্ব নিয়েই লেখাপড়া চালিয়ে যান রাসেল। এক সময়র বিএ পাসও করেন তিনি।

এরপর ২০১৩ সালের ১৩ এপ্রিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে মুন্সিগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেন রাসেল।

ওই বছরের ২১ জুন লিখিত পরীক্ষায় ৫৭ প্রার্থী উত্তীর্ণ হন। এই ৫৭ জনের মধ্যে রাসেলও ছিলেন। পরবর্তীতে এই ৫৭ জন থেকে মুন্সীগঞ্জে ১৯ জনকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়। এই ১৫ জনের কেউই প্রতিবন্ধী কোটায় পাননি।

কিন্তু রাসেলের আবেদনটি ছিল প্রতিবন্ধী কোটায়। তাছাড়া তার আত্মবিশ্বাস ছিল যে, তিনি মৌখিক পরীক্ষাতেও নিয়োগ পাওয়ার মত উপযুক্ত নম্বর পেয়েছেন।

সেই আত্মবিশ্বাস থেকেই নিজের মৌখিক পরীক্ষার তথ্য চেয়ে তথ্য কমিশনে আবেদন করেন রাসেল ঢালী। যথারীতি জানতে পারেন, মৌখিক পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে ২৮ নম্বর পেয়েছেন তিনি। এমনকি যে ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকের চেয়ে বেশি।

এ অবস্থায় নিয়োগ পেতে রাসেল জাতীয় মানবাধিকার কমিশন, সমাজসেবা অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ধরনা দেন। কিন্তু কোনো প্রতিকার পাননি।

অবশেষে ২০১৪ সালে পরিবার পরিকল্পনার পরিদর্শক পদে নিয়োগ পেতে হাই কোর্টে রিট আবেদন করেন রাসেল।

আদালত প্রাথমিক শুনানি নিয়ে রুল দেয়। রুলে জানতে চাওয়া হয়, কেন তাকে পারিবার পরিকল্পনার পরিদর্শক পদে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হবে না। একইসঙ্গে আদালত প্রতিবন্ধী কোটায় ওই পদটি সংরক্ষণের নির্দেশ দেয়। 

বুধবার সেই রিটের চূড়ান্ত শুনানি শেষ হলে বৃহস্পতিবার এ রায় দেয় হাই কোর্ট।