ঢাকায় গৃহকর্মীর লাশ উদ্ধার
ঢাকার শুক্রবাদে এক শাড়ি ব্যবসায়ীর কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্মৃতি (১৪) নামে ওই গৃহকর্মী আত্মহত্যা করেছেন বলে গৃহকর্তা পুলিশকে জানিয়েছেন।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
স্মৃতি আসলে আত্মহত্যা করেছেন কি না, তা থতিয়ে দেখা হচ্ছে বলে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকালে শুক্রাবাদ ৫৬/বি/১ নম্বর বাড়ির নিচতলা থেকে স্মৃতির লাশ উদ্ধার করা হয়।
“ছয়তলা বাড়ির দোতলায় এক শাড়ি ব্যবসায়ী পরিবার নিয়ে থাকেন। এই বাসায় দুই বছর ধরে গৃহপরিচারিকার কাজ করত স্মৃতি।”
বাড়ির লোকজনের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “দুপুরের দিকে স্মৃতি বাসার বাথরুমে ঢোকে। অনেকক্ষণ পরেও বের না হওয়ায় ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে ঢুকে টাওয়েল রাখার হ্যাঙ্গারে গলায় ওড়না পেঁচানো অবস্থায় স্মৃতিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।”
স্মৃতিকে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নেয় বাড়ির লোকজন। চিকিৎসক মৃত ঘোষণা করলে লাশ বাড়িতে আনার পর পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
এসআই খোকন বলেন, “ধারণা করা হচ্ছে স্মৃতি আত্মহত্যা করেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা পুলিশ খতিয়ে দেখবে।”
