২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসার টয়লেটে নর্থ সাউথ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এক বাড়ি থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 01:57 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

স্বজন মাহমুদ নামের ২৩ বছর বয়সী ওই যুবক কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন বলে ভাটারা থানা পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার আশরাফুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের একটি বাড়ির ছয়তলার ফ্ল্যাটে অন্য শিক্ষার্থীদের সঙ্গে মেস করে থাকতেন স্বজন। রোববার সকালে ওই বাসার টয়লেটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বজনের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

ভাটারা থানার উপ পরিদর্শক জিয়াউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন রুমের ওই ফ্ল্যাটে মোট ছয়জন থাকতেন তারা। কয়েকজন ছুটিতে বাড়ি যাওয়ায় শনিবার রাতে স্বজন, তার এক ফুপাতো ভাইসহ মোট তিনজন বাসায় ছিলেন।

স্বজনের ফুপাতো ভাই পুলিশকে বলেছে, ভোরে টয়লেটে গিয়ে তিনি ভেতর থেকে দরজা বন্ধ পান। কিছুক্ষণ পর অনেক ধাক্কাধাক্কি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা কাপড় রাখার রডের সঙ্গে স্বজনকে ফাঁস দেওয়া অবস্থায় পান। 

ভাটারার ওসি এসএম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে অধিকতর তদন্তে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”

পরিবারের বরাত দিয়ে এসআই জিয়াউল আলম জানান, স্বজনদের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। এইচএসসি শেষ করে সেনাবাহিনীতে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন ওই তরুণ। তবে পরে ডাক্তারি পরীক্ষায় বাদ পড়েন।