নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ রীতির লংঘন: অধ্যাপক শফিউল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে ভারপ্রাপ্ত ডিনের মেয়াদ শেষে নতুন আরেকজনকে এই পদে নিয়োগ দেওয়ায় নাখোশ অধ্যাপক এজেএম শফিউল আলম ভূইয়া বলছেন, এতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও প্রচলিত রীতির লংঘন হয়েছে।
সদ্য বিদায়ী উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সমর্থক হিসেবে পরিচিত অধ্যাপক শফিউল এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইনের লংঘনেরও অভিযোগ তুলেছেন। তার মেয়াদ বৃদ্ধি বা নির্বাচন না দিয়ে নতুন আরেকজনকে এই দায়িত্ব দেওয়ায় তিনি প্রশ্ন তুলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আক্রোশের শিকার হয়েছেন কি না।
শুক্রবার বিকালে সামাজিক বিজ্ঞান অনুষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধ্যাপক শফিউল আলম ভূইয়া বলেন, নির্বাচিত ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ অবসরগ্রহণ প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেয়।
“নিয়োগপত্রে বলা হয়, ‘২ জুলাই ২০১৭ তারিখ হতে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) সময়ের জন্য উপাচার্য মহোদয় আপনাকে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন নিয়োগ করেছেন।’ এমতাবস্থায় নতুন করে আরেকজনকে ডিন হিসাবে নিয়োগ দেওয়া বিশ্ববিদ্যালয়ের আইনের লঙ্ঘন ও রীতি নীতি বিরোধী।”
এ বিষয়ে অধ্যাপক শফিউল বলেন, “অধ্যাপক সাদেকা হালিমকে ইস্যুকৃত পত্রে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিকেল ২৪ (এল) অনুসারে এই নিয়োগটি দেওয়া হয়েছে। আদেশের আর্টিকেল ২৪ (এল) হচ্ছে নিম্মরূপ: The Syndicate shallexercise all other powers of the University not otherwise provided for by this Order or the Statutes.
“কিন্তু নির্বাচিত ডিনের অনুপস্থিতিতে ডিন নিয়োগের সুস্পষ্ট নির্দেশনা ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশে প্রথম সংবিধির ১৭ অনুচ্ছেদে দেওয়া আছে। ১৭ (২) অনুচ্ছেদে বলা হয়েছে: In the absence of the Dean, for a period not exceeding 90 days the Vice-Chancellor shall appoint an acting dean, who shall exercise all the powers and enjoy all the privileges of the dean.”
বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক শফিউল বলেন, “আমি নির্বাচন দেওয়ার কথা উপাচার্যকে জানিয়েছিলাম। বলেছিলাম, তা সম্ভব না হলে রেওয়াজ ও রীতি মেনে আমার মেয়াদ বাড়ান। কিন্তু তা করা হয়নি।”
তিনি বলেন, “বিনা কারণে একজন ভারপ্রাপ্ত ডিনকে সরিয়ে অন্য একজনকে ভারপ্রাপ্ত ডিন নিয়োগের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নেই বললেই চলে।”
নতুন ভারপ্রাপ্ত ডিন করা হয়েছে সমাজ বিজ্ঞানের অধ্যাপক সাদেকা হালিমকে
তিনি বলেন, অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী ১৯৭৫ থেকে ১৯৭৭ পর্যন্ত, অধ্যাপক নাজমুল করিম ১৯৭৯ থেকে ১৯৮০ পর্যন্ত, অধ্যাপক আবু আহমেদ ২০০৩ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত, অধ্যাপক আরেফিন সিদ্দিক ২০০৭ সালের সেপ্টেম্বর থেকে ২০০৮ সালের জানুয়ারি পর্যন্ত এবং সর্বশেষ অধ্যাপক শেখ আবদুস সালাম ২০০৯ সালের ২৫ জানুয়ারি থেকে একই বছরের ১৩ নভেম্বর পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্বে ছিলেন।
“এই যখন অনুষদের ঐতিহ্য তখন আমাকে কেন নির্বাচন না দিয়ে সরিয়ে দেওয়া হলো? তাহলে আমি কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আক্রোশের শিকার?”
উত্তরে অধ্যাপক শফিউল বলেন, “৯০ দিনের মধ্যে নির্বাচনটা হলে ভালো হত। যেহেতু হয় নাই, সেহেতু রেওয়াজটা খেয়াল রাখতে হত। কারণ এটা অনেক দিন ধরে চর্চিত হয়ে আসছে। এক্ষেত্রে বর্তমান ডিনের কোনো সমস্যা আছে কি-না সেটা দেখতে হত। তা করা হয়নি।
“রেওয়াজটা হল, একজিস্টিং যিনি তিনি দায়িত্ব পালন করবেন। নতুন করে কাউকে ভারপ্রাপ্ত দিয়ে নয়।”
নিজে ডিন পদে থাকার আগ্রহ থেকে এসব অভিযোগ করছেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, “ডিন পদে থাকার আগ্রহ আমার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ও রীতি-নীতি লঙ্ঘন হচ্ছে, সেটা তুলে ধরাই আমার উদ্দেশ্য।”
নব্বই দিন শেষ হওয়ার বিষয়টি মাথায় রেখে নির্বাচন দেওয়ার জন্য আগে উপাচার্যকে বলেছেন কি-না, এমন প্রশ্নে শফিউল আলম ভূইয়া বলেন, “আপনারা এখানে ব্যক্তিকে আইডেনটিফাই করতে চাচ্ছেন কেন? বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের আইন ও রীতিনীতি লঙ্ঘনের বিষয়ে কথা বলছি আমি।”
এর ব্যাখ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিনের পদ শূন্য হলে ৯০ দিন বা নির্বাচন হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত ডিন নিয়োগ দেওয়ার ক্ষমতা বিশ্ববিদ্যালয় আদেশ বলে উপাচার্য রাখেন। কিন্তু এই ৯০ দিন পার হলে কী হবে, সেটা আদেশে বলা নাই। এ কারণে আদেশের ২৪ (এল) অনুসারে আমি সিন্ডিকেটের কাছে সেটা উপস্থাপন করেছি।
“সিন্ডিকেট আলোচনা করে অনুষদের একজন শিক্ষককে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দিয়েছে।”
এক প্রশ্নের জবাবে অধ্যাপক শফিউল বলেন, “অধ্যাপক সাদেকা হালিমের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে। তিনি সময়মতো দায়িত্ব গ্রহণ করবেন।”
শনিবার অধ্যাপক সাদেকা হালিমের দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
