২৪ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

সিটি-জেলা পরিষদ নির্বাচনের বিধিমালা পেয়েছে ইসি

সিটি করপোরেশনের সংশোধিত বিধিমালা হাতে পাওয়ায় সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 11:37 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

সেই সঙ্গে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনের তফসিল দেওয়ারও প্রক্রিয়া চলছে চলতি সপ্তাহে।

রোববার ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজই আমরা আইন মন্ত্রণালয়ের ভেটিং করা সিটি করপোরেশনের সংশোধিত নির্বাচন বিধিমালা ও আচরণবিধি এবং জেলা পরিষদের নতুন নির্বাচন বিধি ও আচরণবিধি হাতে পেয়েছি।

“তা পর্যালোচনা করে গেজেট আকারে প্রকাশের প্রক্রিয়া চলছে। গেজেটের পরই তফসিল দেওয়া সম্ভব হবে।”

বিধিমালার গেজেট নিয়ে কমিশন ভোটের তারিখ নির্ধারণ করবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ২৬ ডিসেম্বরের মধ‌্যে করার আইনি বাধ‌্যবাধকতা রয়েছে। ২৮ ডিসেম্বর জেলা পরিষদের ভোটের তারিখ ইতোমধ‌্যে স্থানীয় সরকার বিভাগ নির্ধারণ করে দিয়েছে।

সময় স্বল্পতার কারণে সোমবারই নারায়ণগঞ্জের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান ইসি কর্মকর্তারা।

বিধিমালা হাতে পেয়ে রোববার বিকালে জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনারদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, “বিধিমালা হাতে পেয়েছি আমরা। সবকিছু ঠিক করে সোমবার সকালেই গেজেট আকারে তা প্রকাশের জন‌্য এসআরও জারির জন্যে পাঠানো হবে।

“সম্ভব হলে সোমবার বিকালেও নারায়ণগঞ্জের তফসিল দেওয়া হতে পারে। তা না হলে মঙ্গলবার করতে হবে। তবে সব কিছু নির্ভর করবে গেজেট হাতে পাওয়ার পর কমিশন সভায়।”

জেলা পরিষদ নির্বাচনের বিস্তারিত সময়সূচিও কয়েকদিনের মধ‌্যে দেওয়া হবে বলে জানান তিনি।

কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে জটিলতা দেওয়া দেওয়ায় নারায়ণগঞ্জের সঙ্গে একই দিনে করার পরিকল্পনা থেকে সরে এসেছে কমিশন।

পুরনো খবর:

জেলা পরিষদ নির্বাচন বিধি মন্ত্রণালয়ে
নারায়ণগঞ্জ-কুমিল্লার ভোটের জন্য বিধির অপেক্ষায় ইসি