জেএসসি-জেডিসি: তিন দিনে ৬৪ পরীক্ষার্থী বহিষ্কার
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার তৃতীয় দিন সারাদেশে ২৭ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে; অনুপস্থিত ছিল ৬০ হাজার ৬৯৮ জন।
অষ্টমের সমাপনী পরীক্ষার প্রথম দিন ১৪ জন এবং দ্বিতীয় দিন ২৩ জন বহিষ্কার হয়েছিল। অসুদপায় অবলম্বনের জন্য তিন দিনে ৬৪ জন পরীক্ষার্থী বহিষ্কার হল।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত জেএসসিতে ইংরজি প্রথম পত্র এবং জেডিসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (শুধু অনিয়মিত) বিষয়ের পরীক্ষা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তৃতীয় দিন ২৩ লাখ ৩৫ হাজার ৮১২ জন শিক্ষার্থী জেএসসি-জেডিসিতে অংশ নিলেও অনুপস্থিত ছিল ৬০ হাজার ৬৯৮ জন।
এই পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায় ৫৯ হাজার ৬৬১ জন এবং দ্বিতীয় দিনে ৬২ হাজার ৩১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
অনুপস্থিত
ঢাকা বোর্ডে ১৩ হাজার ৭৪৮ জন, রাজশাহীতে চার হাজার ২৯৫ জন, কুমিল্লা বোর্ডে সাড়ে চার হাজার, যশোরে চার হাজার ৭৯৬ জন, চট্টগ্রামে তিন হাজার ২১৫ জন, সিলেটে দুই হাজার ৬০৮ জন, বরিশালে তিন হাজার ৩৬০ জন, দিনাজপুর বোর্ডে দুই হাজার ৬৬৩ জন এবং মাদ্রাসা বোর্ডে জেডিসিতে ২১ হাজার ৫১৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
বহিষ্কার
জেএসসিতে ঢাকা বোর্ডে ছয়জন, রাজশাহীতে নয়জন, কুমিল্লায় দুইজন, যশোরে চারজন, বরিশালে তিনজন এবং জেডিসিতে ছয়জন পরীক্ষার্থীকে অসুদপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে।
দেশের দুই হাজার ৭৩৪টি কেন্দ্রে ২৮ হাজার ৭৬১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। জেএসসি-জেডিসিতে এক থেকে তিন বিষয়ে অকৃতকার্যরা পরের বছর ফেল করা বিষয়গুলোতে পরীক্ষা দেওয়া সুযোগ পায়।
