২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো মামলা নিষ্পত্তিতে উদ্যোগী সুপ্রিম কোর্ট

হাই কোর্ট বিভাগে বিচারাধীন ২০১০ সালের আগের সব মামলা দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগ নিয়েছে সর্বোচ্চ আদালতের প্রশাসন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 06:55 PM

Updated : 12 Apr 2022, 03:11 AM

কয়েকদিন আগে প্রধান বিচারপতির মৌখিক নির্দেশের পর মামলাগুলোর তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত নিবন্ধক (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার তিনি বলেন, “২০১০ সাল ও তার আগে হাই কোর্ট বিভাগে দায়ের হওয়া এবং বিভিন্নভাবে আসা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন।

“হাই কোর্ট বিভাগে বিভিন্ন কারণে পুরাতন মামলাগুলো শুনানির জন্য কেউ উদ্যোগ নেয় না। দরকার না হলে বাদী বা বিবাদীও আগ্রহ দেখায় না।”

এভাবে বিচারাধীন মামলার সংখ্যা বেড়ে যাওয়া ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সর্বোচ্চ আদালতের এই কর্মকর্তা।

উচ্চ আদালতে দায়ের হওয়া অনেক মামলার ক্ষেত্রে দেখা যায়, প্রাথমিক আদেশে তাৎক্ষণিক প্রতিকার পেলে কোনো পক্ষই চূড়ান্ত নিষ্পত্তির উদ্যোগ নেয় না। রিটসহ অধিকাংশ মামলায় কোনো পক্ষ উদ্যোগ না নিলে তা সাধারণ তা চূড়ান্ত নিষ্পত্তির দিকে যায় না।

এক্ষেত্রে মামলাগুলো বিচারাধীন হিসাবে পড়ে থাককে। এর বাইরেও প্রক্রিয়াগত নানা জটিলতায় মামলার শুনানি হয় না।

সাব্বির ফয়েজ বলেন, “জটিলতা যেটা যে রকমই হোক, ২০১০ সালের পূর্বের সকল মামলা এই উদ্যোগের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।”

এর মধ্যেই তালিকায় আসা কিছু মামলা হাই কোর্টের বিভিন্ন বেঞ্চে পাঠানো হয়েছে এবং তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে বলে তিনি জানান।