২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তি পরীক্ষায় পাস-ফেলের খতিয়ানে ক্ষতি শিক্ষার্থীদের: নাহিদ

বিশ্ববিদ্যালয়ের এক ঘণ্টার ভর্তি পরীক্ষায় পাস-ফেলের প্রশ্ন নেই মন্তব্য করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলছেন, সেখানে পাস-ফেলের খতিয়ান ফলাও করে প্রচার করলে আখেরে শিক্ষার্থীদেরই ক্ষতি হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 06:00 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

আসন্ন জেএসসি-জেডিসি পরীক্ষার আয়োজন নিয়ে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, ভর্তি পরীক্ষা হয় বাছাইয়ের জন‌্য, পাস-ফেইল দেখার জন‌্য নয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফলে পাস-ফেলের খতিয়ান নিয়ে অতি প্রচার হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়।

ভর্তি পরীক্ষা নিয়ে চার দিন আগে শিক্ষামন্ত্রীর বক্তব‌্যে বিশ্ববিদ‌্যালয় শিক্ষকরা যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তার জবাবও নাহিদ এ সংবাদ সম্মেলনে দিয়েছেন।

গত ২৬ অক্টোবর নাহিদ বলেন, “একজন শিক্ষক আমাকে বলেছেন, নীলক্ষেতের ফুটপাতে অনেক ধরনের বই বিক্রি হয়- গান, জারি, নাচ, ছড়া, কবিতা নানা ধরনের বই। তারা নিজেরোও এসব বই দেখেন নাই। কয়েকটা বই তুলে নিয়ে এসে ওই বইয়ের লেখক কে- এ ধরনের প্রশ্ন (ভর্তি পরীক্ষায়) দেয়, (উত্তর) তারাও জানেন না। তার তো উদ্দেশ্য পাস-ফেল না, তাদের উদ্দেশ্য ৩৯ জনকে বাদ দেওয়া, একজনকে রাখা। এখানে পাস-ফেলের প্রশ্ন না, বিভ্রান্তি হচ্ছে।”

ওই বক্তব্যে সত্যতা নেই দাবি করে গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক মন্ত্রীকে তার বক্তব্য স্পষ্ট করার অনুরোধ জানান।

তিনি বলেন, “শিক্ষামন্ত্রী কার কাছে বা কোন শিক্ষকের কাছে এমন অসত্য তথ্য শুনেছেন তা স্পষ্ট করেননি। আমরা একজন শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্জনের যোগ্যতা যাচাই করি। আমরা যে প্রশ্ন করি তা টেক্সবুক থেকে করা হয়। ভর্তি পরীক্ষার প্রশ্ন কোনো গাইড বইয়ের সঙ্গে যদি মিলে যায়, তাহলে আমাদের কিছু করার নেই।”

এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে নাহিদ বলেন, “শিক্ষকরা শিক্ষা পরিবারের মাথার উপরে, শ্রদ্ধেয় শিক্ষকরা যাই বলবেন সেটাকে মূল্য দেব, গুরুত্ব দিয়ে বিবেচনা করব। আমি মনে করি তারা বলতে পারেন, আমাকে ডেকে নিয়েও বলতে পারেন। আমি তাদের প্রতি প্রতি শ্রদ্ধাশীল, তাই কথাটা বাড়াতে চাই না।

“যে পয়েন্টের উপর বলেছেন, আমার একটা উদাহণের খণ্ডিত অংশ নিয়ে বলেছেন। আমি বলেছিলাম, কথাটা চালু হয়ে যাচ্ছে যে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় সবাই ফেইল করে বা বেশিরভাগ ফেইল করে। এটা আমি বলেছিলাম- এটা পাস বা ফেইলের প্রশ্ন না। পাস-ফেইলের প্রশ্ন আসে এসএসসি-এইচএসসিতে।”

নিজেরে বক্তব্যের ব্যাখ্যায় নাহিদ বলেন, “এখানে শিক্ষার্থীর ভাষা, তার ব্যাখ্যা করা, তার বিশ্লেষণ করা, সৃজনশীলভাবে জিনিসটা লিখতে পারা, লিখতে পারছে কি না, ব্যাখ্যা করে লিখতে পারছে কি না, গণিত, বিজ্ঞান, ইতিহাস সবকিছু নিয়েই মূল্যায়ন করা হয়। সেই পরীক্ষা প্রায় ৬০ ঘণ্টা ধরে হয়। আর ওই (ভর্তি) পরীক্ষা এক ঘণ্টার। এখানে শুধু টিকমার্ক দিয়ে উত্তর দেয়, বাছাই করা হয়, সেখানে কিন্তু পাস-ফেইলের পরীক্ষা নয়, এটা একটা বাছাই পরীক্ষা।”

মন্ত্রী বলেন, “একটি সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইইআয়ের একজন অধ্যাপক বলেছিলেন, প্রশ্ন কঠিন করার জন্য… এখন যদি ওই কথাটাও বলা হয়, তাহলে উদাহণেরও একটা খণ্ডিত অংশ। তাই কেউ যেন ভুল না বোঝেন।”

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফলে পাস-ফেলের খতিয়ান তুলে ধরায় ‘দেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে’ মন্তব্য করে নাহিদ বলেন, যদি পাস করার যোগ্য না হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে তো ভর্তি করাও উচিত নয়।

“আমাদের ছেলেমেয়েরা যখন দেশের বাইরে ভর্তি হতে যাবে, তখন তাদের বলা হবে- ‘তোমাদের দেশের বিশ্ববিদ্যালয় ভর্তি করে না, বলে ফেইল, তাহলে আমি কেন ভর্তি করব?’ যখন কেউ আমাদের বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েও যাবে, তখন বলবে- ‘তোমার তো ওইসব পর্যায়গুলোতে পাস করার যোগ্যতাই নাই’। আমাদের পরীক্ষা, ছেলেমেয়েদের যোগ্যতা ও তাদের মেধা নিয়ে প্রশ্ন উঠেবে। এজন্যই বিষয়টি এভাবে প্রচার না করতে বলেছিলাম।”

শিক্ষামন্ত্রী বলেন, তার কথায় শিক্ষকরা যদি আহত হয়ে থাকেন, তাহলে তিনি ‘অবশ্যই দুঃখিত’।

“তারা আমাদের মাথার মনি, আমি কোনো প্রশ্নই করব না। তারা যা বলবেন তা গ্রহণ করব। এটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না, আমার ব্যাখ্যাটা আমি দিলাম।”

পুরনো খবর:

ভর্তি পরীক্ষার উদ্দেশ্যই হল বাদ দেওয়া: নাহিদ