জঙ্গিবিরোধী কমিটিতে থাকতে চান মুক্তিযোদ্ধার সন্তানরা
প্রধানমন্ত্রী প্রস্তাবিত জঙ্গিবিরোধী কমিটিতে নিজেদের সংগঠনের পরিচয়ে থাকতে চায় ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।
রোববার রাজধানীল গুলশান ক্যাফেতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বলেন, “জঙ্গিবাদ নির্মূলে মাননীয় প্রধানমন্ত্রী দেশের তৃণমূল পর্যায়ে যে কমিটি গঠনের কথা বলেছেন, আমরা সেই কমিটিতে থাকতে চাই।”
ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ওয়ার্ড, ইউনিয়ন ও জেলা-উপজেলা পর্যায়ে জঙ্গিবিরোধী কমিটি গঠনের কথা বলেন প্রধানমন্ত্রী।
হুমায়ুন কবির জানান, কমিটিগুলো গঠন হবে চৌদ্দ দলের নেতাকর্মীদের সমন্বয়ে।
তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয়, নিজ সংগঠনের পরিচয়ে থাকতে চাই।”
গত ১ জুলাই রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নৃশংসভাবে হন ২২ জন, যাদের ১৭ জনই বিদেশী নাগরিক।
এই হামলার রেশ কাটতে না কাটতেই ঈদের দিন দেশের সবচেয়ে বড় ঈদ জামাত শোলাকিয়ায় হামলা করে জঙ্গিরা।
এই হামলায় নিহত হন দুই জন পুলিশ কনস্টেবল ও ঝর্না রানী ভৌমিক নামে এক নারী।
