গৃহবধূকে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে ফারুক সিকদার (২৬) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক সালেহ উদ্দিন আহমদ বুধবার এ রায় দেন।
ট্রাইব্যুনালের পেশকার ফোরকান মিয়া জানান, ফারুককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা নিহত পলি আক্তারের পরিবারকে দিতে হবে বলে রায়ে বলা হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি ফারুক সিকদার আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, পিরোজপুর জেলার নাজিরপুর থানার ছাইলাবুনিয়া গ্রামের আব্দুর রহমান সিকদারের ছেলে ফারুকের সঙ্গে গাজীপুরের কাপাসিয়া থানার চন্ডলতা গ্রামের সুরুজ মিয়ার মেয়ে পলি আকতারের (২৫) বিয়ের পর তারা রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ায় থাকতেন।
বিয়ের পর বিভিন্ন সময় টাকার জন্য ফারুক স্ত্রীকে মারধর করতেন। ২০১৩ সালের ১৪ মার্চ ফারুক পলির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক পলিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পলির বাবা সুরুজ মিয়া খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৪(১) ধারায় মামলা করেন।
২০১৪ সালের ১৮ মার্চ সিআইডির পরিদর্শক আরিফ হোসেন আসামি ফারুকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মামলায় ২৭ সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষ্য দেন।
