চিকিৎসকদের ২ বছরের ইন্টার্নশিপ এখনও আলোচনায়
চিকিৎসকদের শিক্ষানবিশকাল বাড়িয়ে দুই বছর করার বিষয়ে এখনও আলোচনা চলছে বলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন।
শনিবার ঢাকায় একটি সেমিনারে বক্তব্যে তিনি বলেন, বর্তমানের এক বছরের ইন্টার্নশিপ দুই বছর করার কথা ভাবা হচ্ছে, যার এক বছর মফস্বলে কাটাতে হবে শিক্ষানবিশ চিকিৎসকদের।
২০১১ সালে জাতীয় স্বাস্থ্য নীতি সংসদে উত্থাপনের সময় প্রথম এই বিষয়ে আলোচনা শুরু হয়। পরে এ নিয়ে আর কোনো আলোচনা হয়নি।
এদিন পেডিয়াট্রিক সার্জনদের একটি সেমিনারে বক্তব্যে বিষয়টি আবার সামনে আনলেন মন্ত্রী।
ইন্টার্নশিপ দুই বছর করার পক্ষে যুক্তি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতে গ্রামীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত হবে, যে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও মোকাবেলা করছে।
ওই সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খানও উপস্থিত ছিলেন।
ইন্টার্নশিপ বাড়ানোর পরিকল্পনা নিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো বিষয়টি এতো জটিল যে, চূড়ান্ত করার আগে এ নিয়ে বিস্তৃত পরিসরে আলোচনা করতে হবে।”
ইন্টার্নশিপ বাড়ালেই গ্রামীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত হবে কি না তা নিয়ে বিতর্ক রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
“আমরা যদি তা করি (গ্রামীণ হাসপাতালে ইন্টার্নশিপ) তাহলে তাদের জন্য যথাযথ প্রশিক্ষণ ও তত্ত্বাধান নিশ্চিত করতে হবে।”
