দিনাজপুর পৌর মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের হাই কোর্ট বেঞ্চ বুধবার জাহাঙ্গীরের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেয়।
অনিয়মের অভিযোগ এনে স্থানীয় সরকার মন্ত্রণালয় জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করে ৩ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে।
এর বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন জাহাঙ্গীর আলম, যিনি আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মেয়র পদে লড়ছেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন আইনজীবী খালেদ মাহমুদুর রহমান।
পরে রুহুল সাংবাদিকদের বলেন, হাই কোর্ট সাময়িক বরখাস্তের ওই প্রজ্ঞাপন এক মাসের জন্য স্থগিত করেছে। ফলে পৌর মেয়র পদে কাজ চালিয়ে যেতে সৈয়দ জাহাঙ্গীরের আইনগত কোনো বাধা নেই।
