২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধিত প্রাথমিকে প্যানেলভুক্তদের নিয়োগের নির্দেশ

নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে (নব জাতীয়করণকৃত) শিক্ষক পদে পরীক্ষায় উত্তীর্ণ প্যানেলভুক্ত প্রার্থীদের ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 06:19 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

নিয়োগবঞ্চিতদের করা পৃথক রিট আবেদনের প্রেক্ষিতে দেওয়া ১৩০টি রুল নিষ্পত্তি করে বুধবার এ রায় দিয়েছে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ।

আদালতে রিট আবেদনকারীদের অন্যতম আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া জানান, ১৩০টি রিট আবেদন নিষ্পত্তি করে হাই কোর্ট সহকারী শিক্ষক পদে পরীক্ষায় উত্তীর্ণ প্যানেলভুক্ত (রিট আবেদনকারীদের) প্রার্থীদের ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়ে রায় দিয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১১ এপ্রিল নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্য পদে উপজেলাভিত্তিক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে ২০১২ সালের ২১ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এক পরিপত্রে সিদ্ধান্ত পাল্টে ইউনিয়নভিত্তিক নিয়োগের কথা জানায়।

বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে ২০১২ সালের ৯ এপ্রিল পরীক্ষায় উত্তীর্ণ ৪২ হাজার ৬১১ জনের নিয়োগ প্যানেল প্রকাশ করা হয়। এর মধ্য থেকে প্রথম দফায় প্রায় ৮ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়।

২০১৩ সালে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করার পর নিয়োগপ্রক্রিয়া স্থগিত হলে প্যানেলভুক্ত সেলিম রেজাসহ নয় জেলার ৬২ প্রার্থী নিয়োগের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করে। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে চলতি বছরের ৯ মার্চ আদালত রুল দেয়।

একই বিষয় নিয়ে পৃথক রিট আবেদনের প্রেক্ষিতে ২০১২ সাল থেকে ২০১৫ সালের বিভিন্ন সময় ৩৬৭টি পৃথক রুল দেওয়া হয়। এসব রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের ১৭ সেপ্টেম্বর হাই কোর্ট রায় দেয়।

রুল শুনানি চলাকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত শূন্য পদের সংখ্যা ১৭ হাজার ৪৪৪টি। পাবর্ত্য তিন জেলা ছাড়া ৬১টি জেলায় এই সময় পর্যন্ত প্যানেল থেকে ১০ হাজার ৪৯৭ প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।

একই বিষয় নিয়ে পৃথক রিট আবেদনের প্রেক্ষিতে ২০১২ সাল থেকে ২০১৫ সালের বিভিন্ন সময় ১৩০টি পৃথক রুল হয়। এসব রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নিয়োগের নির্দেশ দিয়েছে।

আবেদনকারীদের পক্ষে আইনজীবী মো. বদরুদ্দোজা, ব্যারিস্টার অনীক আর হক, ব্যারিস্টার মো. সাখাওয়াত হোসেন ও আইনজীবী আশুতোষ কুমার ছানা শুনানি করে। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল নূসরাত জাহান।

এর আগে নিয়োগবঞ্চিত ও প্যানেলভুক্ত নওগাঁর ১০ প্রার্থী ইউনিয়নভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ও নিয়োগের নিদের্শনা চেয়ে রিট আবেদন করলে গত বছরের ১৮ জুন এক রায়ে হাই কোর্ট প্যানেলভুক্ত ১০ প্রার্থীকে অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দেয়।

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে, যার ওপর শুনানি শেষে ৭ মে আপিল বিভাগে তা খারিজ হয়।

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পুর্নবিবেচনার (রিভিউ) আবেদন করে, যা শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানান আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক।