কম্বলে মোড়ানো সোয়া কোটি ভারতীয় রুপি
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিলামের জন্য কম্বল গণনা করতে গিয়ে তিনটি ব্যাগ থেকে সোয়া কোটি ভারতীয় মুদ্রা উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. শহিদুজ্জামান সরকার জানান, বুধবার বেলা ১টার দিকে বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগে’ ব্যাগগুলো পাওয়া যায়।
“পরে ওই ব্যাগগুলোর ভেতরে কম্বলে মোড়ানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা।”
শহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গণনা করে ১ কোটি ২১ লাখ ভারতীয় মুদ্রা পাওয়া গেছে। ব্যাগের ওপর লাগান ‘ট্যাগ’ থেকে বোঝা যাচ্ছে যে ব্যাগগুলো পাকিস্তান থেকে দুবাই হয়ে বাংলাদেশে এসেছে।”
ব্যাগগুলো অগাস্ট মাসের মাঝামাঝি বিমানবন্দরে এসেছিল। প্রাপক না পাওয়ায় নিয়ম অনুযায়ী সেগুলো ‘লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগে’ রাখা হয়েছিল।
শুল্ক কর্মকর্তা শহিদুজ্জামান বলেন, প্রাপক পাওয়া না গেলে নিয়ম অনুযায়ী সাধারণত ২১ দিন পর পর ওই ব্যাগের মালামাল নিলামে দেওয়া হয়।
বুধবার দুপুরে নিলামের জন্য ওই ব্যাগে খুলে ভেতর কম্বল ও তার ভেতর পাওয়া যায় রুপি।
মুদ্রাগুলো জাল নয় জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা হচ্ছে।
