২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র্য দূর করতে কৃষির মানোন্নয়ন দরকার: মতিয়া

সার্কভুক্ত দেশগুলোতে দারিদ্র্য দূর ও মানুষের জীবনমানের উন্নয়নে কৃষির সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 01:39 AM

Updated : 12 Oct 2022, 04:40 PM

এ অঞ্চলে ক্ষুধা-দারিদ্র্য দূর করতে কৃষি ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কথাও বলেছেন তিনি।

সার্কের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, “১৬০ কোটি মানুষের বসতি সার্ক অঞ্চলে দারিদ্র্য খুবই আলোচিত সমস্যা। দারিদ্র্য দূরীকরণে কৃষি সংস্কার ও কৃষির মানোন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ।”

ক্ষুধা ও দারিদ্র্য থেকে বাংলাদেশের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, “২০০৯ সালের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। অনেক ক্ষেত্রে উদ্বৃত্ত খাদ্যও থাকছে। এ দেশে এখন আর কাউকে না খেয়ে মরতে হয় না।

“সার্ক একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এটি সফলভাবে এগিয়ে যাচ্ছে। সার্ক চার্টার্ড ডেতে আমি এর সদস্য রাষ্ট্রগুলোকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে তাদের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিতে চাই। এ অঞ্চলের মানুষের জীবনের মান উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই।”

অনুষ্ঠানে ‘অ্যাচিভিং জিরো হাঙ্গার টার্গেট ইন সার্ক কান্ট্রিজ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের প্রখ্যাত কৃষিবিদ অধ্যাপক এম এস স্বামীনাথান।

বিএআরসির নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম আযাদের সভাপতিত্বে বিশ্ব খাদ্য সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি মাইক রোবসন, কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ, সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক এসএম বখতিয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।