‘এগিয়ে যেতে প্রয়োজন মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী’
মুক্তিযুদ্ধের সুযোগ্য উত্তরাধিকারীদের ওপর অবলম্বন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।
একাত্তরে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী স্মরণে মঙ্গলবার এক বক্তব্যে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের উত্তরাধিকারকে অবলম্বন করেই বাংলাদেশ গড়তে হবে, উত্তরাধিকারকে বিক্রি করে কখনোই যাবে না।
“ঠিক যেমন অযোগ্য উত্তরাধিকারী তার উত্তরাধিকার বেঁচে বেঁচে দেউলিয়া হয়ে যায়, এক্ষেত্রে সেরকমটি হওয়ার সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে ‘বর্তমানের দর্পণে ইতিহাস ও ঐতিহ্যের প্রতিফলন: নাগরিক চেতনা’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও এম এ জি ওসমানী স্কলারশিপ ফান্ড।
বক্তব্যে ইতিহাস সচেতন নাগরিকদের সচেতন নাগরিক ও দেশের সুযোগ্য উত্তরাধিকারী বলে অভিহিত করেন সুলতানা কামাল।
তিনি বলেন, “সচেতন নাগরিকের আচরণ হতে হবে সুযোগ্য উত্তরাধিকারের মতো, যারা অর্জিত উত্তরাধিকারকে সমৃদ্ধ করে সামনে এগিয়ে নিয়ে যায়।সত্যিকার অর্থে একজন নাগরিককে তখনই সচেতন নাগরিক বলা যায়, যখন সেই নাগরিক ইতিহাস সচেতন হন।
“আর এমন সচেতন নাগরিক ইসিহাসের ধারায় বর্তমানকে প্রতিষ্ঠিত করে ভবিষ্যৎ নির্মাণের নির্দেশনা দিতে পারেন, ঐতিহ্যকে ধারণ করে ভবিষ্যতের স্বরূপ আঁকতে পারেন।”
জেনারেল এম এ জি ওসমানী প্রসঙ্গে সুলতানা কামাল বলেন, “মুক্তিযুদ্ধের নয় মাস জেনারেল ওসমানী বীরত্বের সঙ্গে সামরিক সমরের নেতৃত্ব দিয়েছেন। শুধু মুক্তিযুদ্ধের সময়টাতেই নয়, সেই পাকিস্তানি আমলেও তিনি প্রতিবাদী ভূমিকা রেখেছেন।”
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “দেশের একটি স্বার্থান্বেষী মহল নানাভাবে নানা সময়ে ইতিহাস বিকৃতির ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এদের ব্যাপারে ইতিহাসবিদদের সচেতন থাকতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তরে কৃতিত্বপূর্ণ ফলের জন্য ১৯ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে বঙ্গবীর এম এ জি ওসমানী বৃত্তি, আঞ্জুমান মফিদুল ইসলাম বৃত্তি এবং ইতিহাস বিভাগ বৃত্তি দেওয়া হয়।
এছাড়া বিভাগের আইটি সেন্টারের বিভিন্ন ব্যাচের সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের সনদপত্র দেওয়া হয়।
ইতিহাস বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সোনিয়া নিশাত আমিনের সভাপতিত্বে এম এ জি ওসমানী স্কলারশিপ ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক শিরিন হোসেন ওসমানীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
