রাজধানীতে নবজাতক উদ্ধার
রাজধানীর উত্তর কাফরুল থেকে এক নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, উত্তর কাফরুল এলাকার কয়েকজন বাসিন্দা মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই মেয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন।
তাদের মধ্যে জাহানারা বেগম নামের এক গৃহবধূ জানান, দুপুরে তার শিশু সন্তানসহ কয়েকটি শিশু খেলাধুলা করার সময় একটি ঝোপের পাশে নবজাতকের দিকে একটি কুকুরকে তেড়ে যেতে দেখে।
এরপর ওই শিশুরা চিৎকার দিলে তিনি স্থানীয়দের নিয়ে শিশুটিকে উদ্ধার করেন বলে জাহানারা জানান।
উদ্ধারের পর শিশুটিকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
মেয়েটি ঢাকা মেডিকেলে আছে বলে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক জানান।
