কমলাপুর স্টেশনে ৫ কেজি সোনাসহ গ্রেপ্তার ২
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পাঁচ কেজি সোনাসহ দুজনকে গ্রেপ্তার করেছে রেলপুলিশ।
রাহুল (২৮) ও নোটন (২১) নামে ওই দুই যুবক চট্টগ্রাম থেকে আসা একটি ট্রেনে শনিবার ঢাকায় নেমেছিলেন বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে তূর্ণা নিশিথা এক্সপ্রেসে করে কমলাপুর স্টেশনে নামেন তারা।
“গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের শরীর তল্লাশি করে ৩২টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৫ কেজি।”
উদ্ধার সোনার দাম প্রায় আড়াই কোটি জানিয়ে তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
