২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পুকুরে বাস, নিহত ২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হন অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 03:08 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

শুক্রবার বেলা সোয়া ১টার দিকে আরাম পরিবহনের একটি বাস ষোলঘর বটতলায় এ দুর্ঘটনায় পড়ে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার ৩ ঘণ্টা পর বাসটি উদ্ধার করা হয়েছে। তবে, ভেতরে আর কোনো জীবিত বা মৃত ব্যক্তিকে পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান জানান, বেলা সোয়া ১টার দিকে আরাম পরিবহনের বাসটি ঢাকা থেকে দোহার যাচ্ছিল।

“পথে ঢাকা-মাওয়া মহাসড়কের ষোলঘরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।”

ফায়ার সার্ভিস গিয়ে বেলা সোয়া ৪টার দিকে বাসটি উদ্ধার করে বলে জানান তিনি।

“বাসের ভেতর থেকে প্রথমে এক পুরুষ যাত্রীর লাশ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে এক জনের মৃত্যু হয়।”

সর্জেন্ট হাসান আরও জানান, তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার তৎপরাতা চালায়। পরে যোগ দেয় ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে সময়ক্ষেপণ হচ্ছে অভিযোগ তুলে এলাকাবাসী বেলা ৩টার দিকে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

ওই সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাসটি উদ্ধারের পর যানচল স্বাভাবিক হয়ে যায়। 

স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল ও অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন উপস্থিত থেকে উদ্ধার কাজ তদারক করেন।