২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের দুই উপজেলায় দুর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি বাস রাস্তার পাশের বিলে পড়ে অজ্ঞাতপরিচয় এক যাত্রীর মৃত্যু হয়েছে; লৌহজং উপজেলায় শিমুলিয়া ঘাটে পিকআপ ও ট্রাকের মাঝে চাপা পড়ে মারা গেছেন এক মোটরসাইকেল আরোহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 01:16 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

শুক্রবার সকালের দিকে এ দুটি দুর্ঘটনা ঘটে বলে হাসাড়া ও মাওয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান। 

নিহত মোটরসাইকেল আরোহীর নাম জিয়াউর রহমান (৩৩)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের মণ্ডলপাড়া অনুপমনগরে।

তবে নিহত বাসযাত্রীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।  

হাসাড়া ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান জানান, সকালে আপন পরিবহনের একটি বাস মাওয়ার দিকে যাওয়ার পথে শ্রীনগরের সমষপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি পাশের খাদে পড়ে যায়।

“এতে অন্তত ছয়জন আহত হন। আহত যাত্রীদের উদ্ধার করে ষোলঘর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার পর আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয়।”

এদিকে লৌহজংয়ের শিমুলিয়া এক নম্বর ঘাটের দুর্ঘটনাটি ঘটে শুক্রবার বেলা ১১টার দিকে।

স্থানীয়দের বরাত দিয়ে মাওয়া ফাঁড়ির এসআই ইউনুছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘাট থেকে একটি ট্রাক ফেরিতে ওঠার সময় হঠাৎ ব্রেক করে। এতে পিছনে থাকও একটি মোটর সাইকেলও ব্রেক করে। কিন্তু তার পেছনে থাকা একটি পিকআপ না থেমে বাইকটিকে চাপা দেয়।”

এতে ট্রাক ও পিকআপ ভ্যানের মাঝে চাপা পরে বাইক চালক জিয়াউর রহমান ঘটনাস্থলেই মারা যান বলে এসআই ইউনুছ জানান।