নোয়াখালীতে বাস-অটো সংঘর্ষে নিহত ২
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আহত হন অটোরিকশার চালকসহ দুই জন।
বেগমগঞ্জ থানার এসআই নুরুল আমিন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নুরুল আমিন বলেন, “নিহত দুজনই হিজড়া। এরা হলেন বেগমগঞ্জের করিমপুরের নূপুর হিজড়া (২৬) ও মাধবী হিজড়া (২৮)।”
আহতরা হলেন অটোরিকশা চালক মিন্টু ও লীলা হিজড়া। তাদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই পুলিশ সদস্য বলেন, সুগন্ধা পরিবহনের বাসটি ফেনী থেকে নোয়াখালী যাচ্ছিল। ফেনী-চৌমুহনি সড়কের দোকানঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
“এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান মাধবী। বেগমগঞ্জ হাসপাতালে নেওয়ার পর নূপুরের মৃত্যু হয়।”
পরে পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
